ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানে খেলার জন্য বিদেশি দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন সে দেশের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।
তিনি বলেন, সেরা দলগুলো পাকিস্তানে না খেলায় তার দেশের ক্রিকেটের মান কমে যাচ্ছে। একই সঙ্গে আর্থিক ক্ষতিও হচ্ছে।
এশিয়ান গেমসের জন্য মিয়াঁদাদ এখন শুভেচ্ছাদূত হিসেবে চীনের গুয়াংজুতে রয়েছেন। প্রতিযোগিতায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। এর আগে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশকে হারিয়ে সোনার পদক জেতে তারা।
গত বছর পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর বিদেশি কোনো দলই সে দেশে খেলতে যাচ্ছে না। এমনকি, আগামী বছরের বিশ্বকাপ ক্রিকেটের খেলাগুলোও হারিয়েছে তারা। সেগুলো ভাগ করে দেয়া হয়েছে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান পরিচালক মিয়াঁদাদ বলেন, "কেউ বলতে পারে না নিরাপদ জায়গা কোনটি। সন্ত্রাসবাদী হামলা গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। শুধু পাকিস্তানকে দোষ দিয়ে লাভ নেই।"
পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বলেন, "বিদেশি দল না আসায় পাকিস্তনের ক্রিকেটের মান তো কমছেই, সমর্থকরাও আগ্রহ হারিয়ে ফেলছেন।"
তবে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ পাতানো নিয়ে মন্তব্য করতে রাজি হননি মিয়াঁদাদ। বলেছেন, এ ব্যাপারে এখনো তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/২০২১ ঘ.
bdnews24