ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রিসবেনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্ট শুরু হবে ২৫ নভেম্বর। তার ঠিক আগে অজি শিবিরে দুঃসংবাদ এসে হাজির। পিঠের ইনজুরির জন্য নাও খেলতে পারেন সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক। শিরদাঁড়ার ব্যথায় কাল অনুশীলন করতে পারেননি তিনি। তার জায়গায় চটজলদি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পাকিস্তানি বংশোদ্ভূত ২৩ বছর বয়সী ব্যাটসম্যান উসমান খাজাকে স্ট্যান্ডবাই হিসেবে তৈরি রেখেছে।
ঘরোয়া ক্রিকেটে খেলার সময়েই শিরদাঁড়ার কয়েকটি হাড়ে ব্যথা অনুভব করছিলেন ক্লার্ক। সেটি কয়েকদিন হল বেশ বেড়ে গেছে। কাল তিন ঘন্টার অনুশীলন পর্ব ছিল। তাতে ছিলেন না তিনি। ছুটেছেন ফিজিও এবং ডাক্তারের কাছে। অজি দলের ফিজিও কুনটোরিস আশা করছেন টেস্টের আগে খেলার মতো ফিট হয়ে যাবেন ক্লার্ক। সেই মতোই অজি অধিনায়ক তার টুইটারে লিখেছেন, "ফিজিও'র পরামর্শ অনুযায়ীই চলছি। আশা করি খেলতে পারব।"
কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। অজি দলেরই আরেকটি সূত্র বলেছে, ব্যথা বাড়ানোর কিংবা অবস্থা আরো খারাপের ঝুঁকি নেয়া ঠিক হবে না ক্লার্কের। তারপর সামনে বিশ্বকাপ। কাজেই পুরো ফিট হয়েই মাঠে নামা উচিত ক্লার্কের।
টেস্টের আগের দিন অবশ্য ফিটনেস পরীক্ষা দেবেন ক্লার্ক। তারপর নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অধিনায়ক রিকি পন্টিং ইতিমধ্যেই বলে দিয়েছেন তিনি শতভাগ ফিট ক্লার্ককেই দলে চান। প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচের গলাতেও একই সুর। বলেছেন ক্লার্ক অনিশ্চিত বলেই উসমানকে জরুরী তলব দিয়ে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে।
ব্রিসবেন টেস্ট শুরুর আগে ক্লার্ক ছাড়াও ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ এবং দুই পেসার ডগ বোলিঞ্জার ও পিটার সিডল ইনজুরিতে ভুগছেন। তবে তারা এখন পুরোপুরি ফিট বলে জানিয়েছেন দলের ফিজিও। অস্ট্রেলিয়া ব্রিসবেনের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে।
এদিকে অধিনায়ক পন্টিং ব্রিসবেন টেস্টে একমাত্র স্পিনার হিসেবে বাঁ-হাতি জেভিয়ের ডোহার্টিকেই তার তরুপের তাস হিসেবে ধরেছেন। তার মতে ডোহার্টির বোলিং বৈচিত্র্য ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারে। বিশেষ করে কেভিন পিটারসেনকে।
ইংল্যান্ড শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া 'এ' দলকে হারালেও সেই ম্যাচে পিটারসেন আউট হয়েছিলেন অজি 'এ' দলের বাঁ-হাতি স্পিনার স্টিভ ও'কিফের বলে। সেটা দেখে ২৮ বছর বয়সী ডোহার্টিকে খেলাতে আরো আগ্রহী হয়ে উঠেছেন পন্টিং। অজি টেস্ট দলে অবশ্য জায়গা হারিয়েছেন ১৭ টেস্ট খেলা অফ-স্পিনার নাথান হরিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৭৩৬ ঘ.
bdnews24