২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগপুরে দ্বিতীয় দিনেই ভারত সুদৃঢ় অবস্থানে

নাগপুরে তৃতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অবস্থান সুদৃঢ় করছে ভারত। দ্বিতীয়দিন (রোববার) শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ২৯২ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 11:14 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাগপুরে তৃতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অবস্থান সুদৃঢ় করছে ভারত। দ্বিতীয়দিন (রোববার) শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ২৯২ রান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১৯৩ রানে অলআউট হয়ে যায়। ফলে ভারত এগিয়ে আছে ৯৯ রানে। হাতে রয়েছে ৮ উইকেট। রাহুল দ্রাবিড় ৬৯ এবং শচীন টেন্ডুলকার ৫৭ রানে অপরাজিত রয়েছেন। ইনিংসের শুরু থেকেই দুই ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ ও গৌতম গম্ভীর স্বচ্ছন্দে খেলেছেন নিউজিল্যান্ডের বোলারদের। শেবাগ তার স্বভাবসুলভ ঝড়ো ব্যাটিংয়ে করে যান ৭৪ রান মাত্র ৭৩ বলে। যাতে ছিল একটি ছক্কা এবং এক ডজন বাউন্ডারি। উদ্বোধনী জুটিতে ১১৩ রান ওঠার পর শেবাগ কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির বলে তার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। আরেক ওপেনার গম্ভীরও সেঞ্চুরির আশা জাগিয়ে ৭৮ রানে আউট হয়ে যান। পেসার টিম সাউদির বলে রস টেলরের হাতে ক্যাচ দেন তিনি। ভারতের রান তখন ২ উইকেটে ১৯২। সেখান থেকে দিনের শেষ পর্যন্ত দ্রাবিড় ও শচীন অবিচ্ছিন্ন শতরানের জুটি গড়েন। দ্রাবিড়ের ৬৯ রানের ইনিংসে চার ছিল আটটি। আর শচীন ৫৭ রানের ইনিংসে চার মারেন সাতটি। ভারতের সামনে এখন বিশাল রানের পুজি গড়ার ভিত তৈরী। পাশাপাশি শচীনের সামনে তার কাক্সিক্ষত টেস্ট সেঞ্চুরির 'হাফ সেঞ্চুরি' করার হাতছানি। মাস্টার ব্যাটসম্যানের টেস্ট সেঞ্চুরি এখন ৪৯টি। কিউই বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন ভেট্টোরি এবং সাউদি। বাকিদের কেউই ভারতের ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলতে পারেননি। এর আগে রোববার সকাল নিউজিল্যান্ড ৭ উইকেটে ১৪৮ রান নিয়ে খেলতে নেমে ১৯৩ রানে অলআউট হয়ে যায়। ব্রেন্ডন ম্যাককালাম ৪০ রানে আউট হয়ে যান। ইশান্তের বলে তার ক্যাচ ধরেন কিপার ধোনি। এরপর সাউদির ৩৮ রানের সুবাদে কিউইদের সংগ্রহ কিছুটা ভ্রদস্থ রুপ পায়। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে ইশান্তই ভারতের সবচেয়ে সফল বোলার। বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা ৩ উইকেট পেয়েছেন ৫৭ রান খরচ করে। ২৮ রানে ২ উইকেট নিয়েছেন পেসার শ্রীশান্থ। তিন টেস্টের প্রথম দু'টি অমীমাংসিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮২৩ ঘ.