২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিস-ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল দ.আফ্রিকা

দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে আঘাত হেনেছিলেন পাকিস্তানের অভিষিক্ত ফাস্ট বোলার তানভীর আহমেদ। ৩৩ রানে প্রোটিয়াসদের ৩ উইকেট পড়ে গিয়েছিল। তিনটি উইকেটই নিয়েছিলেন তানভীর। কিন্তু দিনশেষে যথারীতি ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৩১১ রান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে আঘাত হেনেছিলেন পাকিস্তানের অভিষিক্ত ফাস্ট বোলার তানভীর আহমেদ। ৩৩ রানে প্রোটিয়াসদের ৩ উইকেট পড়ে গিয়েছিল। তিনটি উইকেটই নিয়েছিলেন তানভীর। কিন্তু দিনশেষে যথারীতি ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৩১১ রান করেছে। দক্ষিণ আফ্রিকার ত্রাণকর্তা দু'জন। জ্যাক ক্যালিস এবং এবি ডি ভিলিয়ার্স। দু'জনেই শতক হাঁকিয়েছেন। ক্যালিস ১০৫ রানে আউট হলেও দিনশেষে ১২০ রানে অপরাজিত ডি ভিলিয়ার্স। তার সঙ্গে ২৬ রানে ক্রিজে রয়েছেন মার্ক বাউচার। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়াসরা। দলীয় ২ রানের মাথায় তানভীরের বলে অধিনায়ক মিসবাহ উল হকের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান পিটারসেন। দলীয় স্কোরে আর মাত্র চার রান যোগ হতেই ফিরে যান ফর্মে থাকা ব্যাটসম্যান হাশিম আমলা। অধিনায়ক গ্রায়েম স্মিথ দলের ৩৩ রানের মাথায় তানভীরের তৃতীয় শিকারে পরিণত হলে বিপদে পড়ে যায় প্রোটিয়াসরা। এরপরই উইকেটে জমে যান ক্যালিস এবং ডি ভিলিয়ার্স। দু'জনে চতুর্থ উইকেটে যোগ করেন ১৭৯ রান। তাতেই পথে ফেরে দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ারে ৩৭তম টেস্ট সেঞ্চুরি করেছেন ক্যালিস। তার ইনিংসে তিনটি ছক্কা এবং ১২টি চারের মার ছিল। ক্যালিসকেও বোল্ড করেন তানভীর। দিনশেষে এই পেসারের নামের পাশে লেখা হয়েছে ৬৭ রানে ৪ উইকেট। অ্যাশওয়েল প্রিন্স রানে ফেরার আভাস দিলেও বড় রানে যেতে পারেননি। ব্যক্তিগত ৩২ রানে অফস্পিনার মোহাম্মদ হাফিজের বলে আসাদ শফিককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। সেখান থেকে দিনের শেষ পর্যন্ত ৯৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন ডি ভিলিয়ার্স এবং বাউচার। ক্যারিয়ারের একাদশ টেস্ট সেঞ্চুরি তুলে নেয়ার পথে একটি ছক্কা এবং ১১টি চার মেরেছেন ডি ভিলিয়ার্স। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৯৪৮ ঘ.