ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে শিরোপা জিতেছে পাকিস্তান। শুক্রবার চূড়ান্ত খেলায় ১০ উইকেটে হারায় তারা বাংলাদেশকে।
এর ফলে মেয়েদের ক্রিকেটে সোনার পদক পেলো পাকিস্তান। বাংলাদেশ পেলো রুপা।
গুয়াংজু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান ব্যাট করতে পাঠায় বাংলাদেশের মেয়েদের। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করেন তারা।
দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল রুমানা আহমেদ (১৬) ও অধিনায়ক সালমা খাতুন (২৪)। অন্য ব্যাটসম্যানরা শুধু উইকেটে যাওয়া-আসা করেছেন।
নিধা দার ৩ উইকেট নেন ১৬ রানে। সানা মির ২৩ রানে নেন ২ উইকেট।
রান তাড়া করতে নেমে পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান নিধা দার ও জাভিরা খান ১৫ ওভার ৪ বলে জয়ের লক্ষ্য ৯৩-এ পৌঁছে যান ।
নিধা ৫১ ও জাভিরা ৩৯ রানে অপরাজিত ছিলেন।
স্বাগতিক চীনকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮০২ ঘ.
bdnews24