ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত অমীমাংসিতভাবে শেষ হয়েছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্রেন্ডন ম্যাককালামের দ্বি-শতকের (২২৫ রান) সুবাদে পঞ্চম ও শেষদিন মঙ্গলবার দ্বিতীয় পালায় ৮ উইকেটে ৪৪৮ রান তুলে দান ছেড়ে দেয় নিউজিল্যান্ড। ফলে জেতার জন্য ভারতের দরকার পড়ে ৩২৭ রান।
নিউজিল্যান্ডের প্রথম পালার ৩৫০ রানের জবাবে ৪৭২ রান করলে ভারত এগিয়ে যায় ১২২ রানে।
দ্বিতীয় পালায় ভারতের বিনা উইকেটে ৬৮ রান তোলার পর পঞ্চম ও শেষদিনের খেলা শেষ হয়ে যায়। উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ ৫৪ রানে ও অন্য উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির ১৪ রানে অপরাজিত ছিলেন। শেবাগের ৫৪ বলের ইনিংসে চার রয়েছে ৬টি ও ছক্কা একটি।
এর আগে চার উইকেটে ২৩৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দুই অপরাজিত ব্যাটসম্যান ম্যাককালাম ও ক্যান উইলিয়ামসন দলের সঙ্গে আরো ১২৪ রান যোগ করেন। উইলিয়ামসন তার ১২ রানের ইনিংসটিকে টেনে নিয়ে গিয়ে থামেন ৬৯-এ। দলীয় ৩৪৫ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। ১৪৬ বল খেলে চার মেরেছেন ৯টি।
ম্যাককালাম ১২৪ রান নিয়ে খেলা শুরু করে আদায় করে নেন তার টেস্ট-জীবনের প্রথম দ্বি-শতক। শ্রীশান্তের বলে সুরেশ রায়নার হাতে ধরা পড়ার আগে করেন ২২৫। ৪৩১ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। তার ৩০৮ বলের ইনিংসে চার রয়েছে ২২টি ও ছক্কা ৪টি।
ম্যাককালাম তার দ্বি-শতকে পৌঁছান ২৮৬ বলে ১৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে। এর আগে তিনি কখনো দ্বি-শতক হাঁকাননি। টেস্টে তার সর্বোচ্চ রান ছিল ১৮৫।
এছাড়া অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ২৩ রান করেন ৫২ বলে। তিনি বিদায় নেন ৩৯৬ রানের মাথায়।
ভারতের বোলারদের মধ্যে শ্রীশান্ত তিন উইকেট নেন ১২১ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন সুরেশ রায়না ও প্রজ্ঞান ওঝা। এজন্য রায়নার খরচ হয় ৩৮ রান। ওঝা দেন ১৩৭। কুঁচকিতে চোট পাওয়ায় জহির খান পঞ্চমদিন মাত্র তিন ওভার বল করেছেন।
সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্ট নাগপুরে শুরু হবে ২০ নভেম্বর।
আহমেদাবাদে প্রথম টেস্ট শেষ হয় অমীমাংসিতভাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩৮ ঘ.
bdnews24