ঢাকা, ১৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হায়দ্রাবাদ টেস্টে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রেখেছেন ব্রেন্ডন ম্যাককালাম। সোমবার খেলার চতুর্থ দিনশেষে তিনি অপরাজিত ১২৪ রানে। সেই সুবাদে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৩৭ রান করেছে। ম্যাককালামের সঙ্গে ২০ রানে অপরাজিত রয়েছেন কেন উইলিয়ামস।
নিউজিল্যান্ড এখন এগিয়ে আছে ১১৫ রানে। হাতে ছয় উইকেট নিয়ে মঙ্গলবার শেষ দিন খেলতে নামবে তারা। ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট ড্র করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে কিউইরা।
এর আগে সোমবার ক্যারিয়ারে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ভারতের হরভজন সিং। আহমেদাবাদে প্রথম টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন এই অফস্পিনার। সেই ধারাবাহিকতায় তুলে নেন দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১১১ রানে অপরাজিত থাকেন হরভজন। তার ইনিংসে সাতটি বিশাল ছক্কা এবং সমান সংখ্যক চারের মার ছিল।
৯ উইকেটে ৪৩৬ রান নিয়ে খেলতে নামা ভারত অবশেষে তাদের প্রথম ইনিংসে ৪৭২ রানে অলআউট হয়ে যায়।
শেষ ব্যাটসম্যান হিসেবে শ্রীশান্থ ২৪ রানে কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির বলে এলবিডব্লু হয়ে যান। ১২৫ রানে ৫ উইকেট নিয়ে ভেট্টোরিই ছিলেন কিউইদের সেরা বোলার। ১১৯ রানে ৩ উইকেট পান পেসার টিম সাউদি।
১২২ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল মাথার ওপর বড় চাপ নিয়ে। কিন্তু উদ্বোধনী জুটিতে টিম ম্যাকিন্টশ এবং ম্যাককালাম তা অনেকটাই দূর করে দেন। দুজনে শুরুতে গড়েন ১২৫ রানের জুটি।
এক রানের জন্য অর্ধশতক পাননি ম্যাকিন্টশ। স্পিনার প্রজ্ঞান ওঝার বলে ৪৯ রানে সাঝঘরে ফেরেন তিনি। তার ইনিংসে একটি ছক্কা এবং ছয়টি চারের মার ছিল।
মার্টিন গাপটিল এই ইনিংসে সুবিধা করতে পারেননি। ১৮ রানে ওঝার বলেই উইকেটরক্ষক ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। বড় রান পাননি নির্ভরযোগ্য রস টেলরও। আউট হওয়ার আগে মাত্র সাত করেছেন তিনি। পেসার শ্রীশান্থের বলে তার উইকেট উড়ে যায়।
এরপর জেস রাইডারও ফিরে যান ২০ রানে। তাকে ফেরান অনিয়মিত স্পিনার সুরেশ রায়না। ক্যাচ ধরেন সেই ধোনি। কিন্তু ম্যাককালাম একপ্রান্ত ঠিকই ধরে রেখে তার সেঞ্চুরি তুলে নেন। একই সঙ্গে নিউজিল্যান্ডকে পৌছে অনেকটাই নিরাপদ স্থানে। যেখান থেকে ড্রয়ের কথা ভাবতেই পারে সফরকারীরা।
কিউইদের দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত বাঁহাতি স্পিনার ওঝা দুই উইকেট পেলেও অফস্পিনার হরভজন ২৩ ওভার বল করে ৭৯ রান খরচায় কোনো উইকেট পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৩৫ঘ.
bdnews24