ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে আনা 'স্পট ফিক্সিং'র অভিযোগ খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি ট্রাইবুন্যাল গঠন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
কাতারের দোহায় ৬ থেকে ১১ জানুয়ারির মধ্যে শুনানি হবে।
ট্রাইবুন্যালের সদস্যরা হচ্ছেন মাইকেল বেলফ কিউসি, দক্ষিণ আফ্রিকার বিচারক অ্যালবি সাচ ও কেনিয়ার শারদ রাও।
ইংল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছা করে নো-বল করেছিলেন মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। আর এতে নাটের গুরু ছিলেন ওই ম্যাচের অধিনায়ক সালমান বাট।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করে। এর বিরুদ্ধে তিন খেলোয়াড়ই আপিল করেন। কিন্তু শুনানির আগেই মোহাম্মদ আসিফ তার আপিল প্রত্যাহার করে নেন।
শুনানি শেষে সাময়িক নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৫৬ ঘ.
bdnews24