ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথমদিন টিম ম্যাকিন্টোসের শতকের সুবাদে ভালো অবস্থায় আছে নিউজিল্যান্ড। প্রথম পালায় ৪ উইকেটে রান করেছে ২৫৮।
উইকেটে আছেন জেসি রাইডার ২২ রান নিয়ে। অপর প্রান্তে অপরাজিত রয়েছেন গ্যারাথ হপকিন্স। এখনো হিসেবের খাতা খোলেননি তিনি।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।
দলীয় ৪ রানের মাথায় শ্রীশান্তের বলে উইকেটের পেছনে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম (৪)।
এ অবস্থায় হাল ধরে দ্বিতীয় উইকেট জুটিতে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাকিন্টোস ও মার্টিন গুপ্টিল দলের সঙ্গে ১৪৭ রান যোগ করে বিপদ শুধু সামালই দেননি, দলের অবস্থাও সুসংহত করেন।
প্রজ্ঞান ওঝার বলে বোল্ড হওয়ার আগে গুপ্টিল করেন ৮৫। তার ১৬০ বলের ইনিংসে ৪ রয়েছে ৯টি। ছক্কা একটি।
ব্যাট করে যেতে থাকেন ম্যাকিন্টোস। দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি তার টেস্ট-জীবনের দ্বিতীয় শতক আদায় করে নেন। ২৫৩ রানের মাথায় ১০২ রান করে জহির খানের বলে বোল্ড হন তিনি। ২৫৪ বলের ইনিংসটি সাজান তিনি ১০টি চার ও একটি ছক্কা দিয়ে।
রস টেলর অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। বিদায় নেন ম্যাকিন্টোসের আগে ২০৬ রানের মাথায়। ২৪ রান করেন তিনি ৫৩ বলে। চার মেরেছেন একটি।
দিনের শেষদিকে ব্যাট করতে নেমে বাড়তি ঝুঁকি নেননি রাইডার। ২২ রান করেন তিনি ৬৪ বলে।
জহির ২ উইকেট নেন ৪১ রানে। একটি করে উইকেট নেন শ্রীশান্ত ও ওঝা। এজন্য শ্রীশান্তের খরচ হয় ৬০ রান। ওঝাও রান দিয়েছেন ৬০।
তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়েছে। তৃতীয়টি শুরু হবে ২০ নভেম্বর নাগপুরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৩৮ ঘ.
bdnews24