২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে আইসিসি বিশ্বকাপ ২০১১ এর একশ' দিনের ক্ষণ গণনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 07:23 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শুরু হয়েছে আইসিসি বিশ্বকাপ ২০১১ এর একশ' দিনের ক্ষণ গণনা। রাত ১২টা এক মিনিটে বৃহস্পতিবার দিবসের প্রথম প্রহরে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে বিশ্বকাপের মাস্কট উদ্বোধনের মধ্য দিয়ে এ ক্ষণ গণনা শুরু হয়। চট্টগ্রামে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্ষণ গণনা অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বিসিবি'র পরিচালক ও স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, চট্টগ্রামের দল-মত নির্বিশেষে সবার সহযোগিতায় আজকের এ আয়োজন সফল হয়েছে। বিশ্বকাপে চট্টগ্রামকে বিশ্ববাসীর মাঝে নতুনরূপে তুলে ধরার আকাঙ্খা ব্যক্ত করেন তিনি। বিশ্বকাপ ক্রিকেটের জন্য চট্টগ্রাম সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সাংসদ এম এ লতিফ, শামসুল হক চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন প্রমুখ। অতিথিদের বিশ্বকাপ ক্রিকেটের মাস্কটের উদ্বোধনের সময় জমকালো আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে ক্ষণ গণনা শুরু হয়। এ উপলক্ষে স্টেডিয়াম এলাকায় ব্যাপক আলোকসজ্জা করা হয়। বৃহস্পতিবার সকালে নগরীর জিইসি মোড় ও বিমানবন্দর এলাকায় বিশ্বকাপ ক্রিকেটের দুটি মাস্কট বসানো হবে বলে আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন অনুষ্ঠানে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/০১২০ ঘ.