ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ লড়াইয়ের আগে বরাবরের মতো কথার লড়াই শুরু করে দিয়েছেন অধিনায়ক রিকি পন্টিং। ব্রিসবেনের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে ইংল্যান্ডের ব্যাটসম্যান ও বোলারদের বেশ বেগ পেতে হবে বলে মনে করেন তিনি।
ব্রিসবেনের গাব্বায় ২৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এর আগে ইংল্যান্ড তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে। কিন্তু অজি অধিনায়ক বলেন, ব্রিসবেনের উইকেটে যে বাউন্স ও গতি রয়েছে, তাতে প্রথমবারের মতো খেলতে নামলে যে কোনো দলই সমস্যায় পড়বে।
'অস্ট্রেলিয়ান' পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ''ব্রিসবেন উইকেট সত্যিই অন্য রকম। ইংল্যান্ডের তিনটি প্রস্তুতি ম্যাচের উইকেটের (পার্থ, অ্যাডিলেড ও হোবার্টে) সঙ্গে ব্রিসবেনের পিচের মোটেও মিল নেই। অ্যান্ড্রু স্ট্রাউসরা ওই উইকেটের সঙ্গে পরিচিত হবে টেস্টের প্রথমদিন। আর তা খুব সুখের হবে না।''
পন্টিংয়ের দাবি ব্রিসবেনে তাদের রেকর্ড খুবই ভালো। সেটাই তিনি ধরে রাখতে চান। বলেন, ''প্রথম টেস্টের আগে ইংল্যান্ড তিনটি প্রস্তুতি ম্যাচ খেললেও কোনো লাভ হবে না। এ মৌসুমে ব্রিসবেনে ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারছে না, সমস্যায় পড়ছে।''
দু'সপ্তাহ আগে শেফিল্ড শিল্ডের খেলায় মুখোমুখি হয়েছিল কুইন্সল্যান্ড ও নিউসাউথ ওয়েলস। খেলায় দু'পালায় কুইন্সল্যান্ড ৭৫ ও ৯৬ রানে অলআউট হয়। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের খেলায় শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ১১৫ রানে।
অজিরা ব্রিসবেনে শেষবারের মতো হার মেনেছিল ১৯৮৮-৮৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের কাছে। পন্টিং মনে করেন এই রেকর্ড প্রতিপক্ষকে চাপে রাখবে।
ব্রিসবেনের উইকেট সম্পর্কে পন্টিং বলেন, ''এখানে ব্যাটসম্যান ও বোলার, উভয় পক্ষই সুবিধা পেয়ে থাকে। ফাস্ট বোলাররা খেলার প্রথমদিকে সুবিধা পায়, শেষদিকে সুবিধা পায় স্পিনাররা।''
এদিকে কথা উঠেছে পন্টিংয়ের 'ফর্ম' নিয়ে। তবে তা উড়িয়ে দিয়ে অজি অধিনায়ক বলেন, শচীন টেন্ডুলকারকে অনুসরণ করতে চান তিনি। কারণ শচীন এই বয়সেও যেভাবে রান করে যাচ্ছেন, তা যে কারো জন্য উদাহরণ হতে পারে।
তিনি বলেন, "আমি খেলা চালিয়ে যেতে চাই। কিন্তু যদি দেখি কোনো তরুণ প্রতিভা উঠে এসেছে আর আমি বাধা হয়ে দাঁড়িয়ে আছি, তাহলে অবশ্যই সরে যাব।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এসএনএল/১৭৪৯ ঘ.
bdnews24