২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরের আগে বিশ্বকাপ জিততে চান ক্যালিস

২০১১ ক্রিকেট বিশ্বকাপে অনেক তারকা ক্রিকেটারই শেষবারের মতো খেলতে নামবেন। সেই তালিকায় নবতম সংযোজন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১১ ক্রিকেট বিশ্বকাপে অনেক তারকা ক্রিকেটারই শেষবারের মতো খেলতে নামবেন। সেই তালিকায় নবতম সংযোজন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেছেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বর্তমান দক্ষিণ আফ্রিকা দলটি উপমহাদেশে বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। ক্যালিসের দৃষ্টিতে দলটি দুর্দান্ত। আর তাই তার চোখে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার স্বপ্ন। সোমবার দুবাইতে পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৫৭ রানে হারিয়ে সিরিজ ৩-২ ব্যবধানে জেতে দক্ষিণ আফ্রিকা। ক্যালিস ৮৩ রান এবং ৩০ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। ৩৫ বছর বয়সী কালিস বলেন, "সম্ভবত এটাই আমার খেলোয়াড়ি জীবনের শেষ বিশ্বকাপ। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিততে পারেনি। তাই অবসর নেয়ার আগে ট্রফিটা জিততে চাই। আমরা এখন যে ক্রিকেট খেলছি, সেটা ধরে রাখতে পারলে বিশ্বকাপ না জেতার কোনো কারণ নেই।" নব্বইয়ের দশকের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর বড় ট্রফি বলতে ঢাকায় হওয়া ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তারপর হাত খালি। বড় টুর্নামেন্টে সবসময়ই তারা হতাশ করে সমর্থকদের। ১৯৯৮ সালে বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দক্ষিণ আফ্রিকার একমাত্র ক্যালিসই বর্তমান দলে রয়েছেন। এরপর ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ সালে তিনটি বিশ্বকাপে খালিহাতে ফিরেছে দলটি। ক্যালিস বলেন, "দলের তরুণ সতীর্থদের বিশ্বকাপটা উপভোগ করতে বলবো। যেটা আমরা আগে করিনি। অনর্থক মাথার ওপর চাপ নিয়ে বসে থাকতাম।" এই অলরাউন্ডার স্বীকার করেছেন এখনো বিশ্বকাপ না জেতাটা তার খেলোয়াড়ি জীবনে একটা বড় হতাশার নাম। তিনি বলেন, "বিশ্বকাপ না জিততে পারাটা অবশ্যই হতাশাজনক। তবে আশা করি এবার আমরা পারব।" উপমহাদেশে হতে যাওয়া বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গ্র"পে রয়েছে ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড। ক্যালিস ১৪০ টেস্টে ১১,১২৬ রান এবং ২৬৬ উইকেট নিয়েছেন। পাশাপাশি ৩০৭টি একদিনের খেলায় ১১,০০২ রান এবং ২৫৯ উইকেট নিয়েছেন এই তারকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৭৫৫ ঘ.