ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হুমকি পেয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানের ক্রিকেটার জুলকারনাইন হায়দার।
পাকিস্তানের জিও টিভি এই খবর নিশ্চিত করেছে।
এই ঘটনার পর দুবাই থেকে লন্ডন পালিয়ে যাওয়া পাকিস্তানের উইকেটরক্ষক জুলকারনাইনকে নিয়ে রহস্য ক্রমশই জটিল হয়ে উঠলো। দুবাই থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর মঙ্গলবার লন্ডনে তার খোঁজ পাওয়া গেছে। তবে তিনি লন্ডনের কোথায় আছেন তা গোপন রাখা হয়েছে।
গোপন আশ্রয় থেকেই প্রথমবারের মতো মুখ খুলে ২৪ বছর বয়সী জুলকারনাইন বলেন, দুবাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে পাকিস্তান এক উইকেটে জেতার পরই তিনি অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে হুমকি পান। তাকে পঞ্চম ও শেষ ওয়ানডেতে হুমকিদাতার কথা মতো কাজ করতে বলা হয়।
পাকিস্তানের জিও টিভির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, "আমাকে চতুর্থ ওয়ানডের আগে বলা হয়েছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তির নির্দেশমতো খেলতে। কিন্তু সেটা করিনি। তারপরই আমাকে হুমকি দিয়ে বলা হয় শেষ ম্যাচে আমাকে আরেকটি সুযোগ দেয়া হল, নির্দেশ পালনের জন্য। পরিবারের মানুষদের কথা ভেবে আমি ভয় পেয়ে যাই। ওরা লাহোরে আছে। কাজেই না খেলে গোপনে দুবাই ত্যাগ করি। সেটাই আমার কাছে সেরা পথ বলে মনে হয়েছিল। বৃটিশ কর্তৃপক্ষ আমাকে নিরাপত্তার আশ্বাস দিয়েছে।"
হিথ্রো বিমানবন্দরের বিশেষ কক্ষে প্রায় চার ঘন্টা আটকে রাখা হয় জুলকারনাইনকে। তারপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, তার কথা শুনে নিরাপত্তা নিশ্চিত করতেই বিমানবন্দরে প্রহরায় রাখা হয়েছিল তাকে।
কি ধরনের হুমকি দেয়া হয়েছিল তা বিস্তারিত বলেননি পাকিস্তানের উইকেটরক্ষক। কেবল বলেন, "এ মুহূর্তে আমি কিছুই বলতে চাই না। চাই না কাউকে দোষারোপ করতেও। একজন আমাকে কিছু নির্দেশ দিয়েছিল চতুর্থ এবং পঞ্চম ওয়ানডের আগে। আমি তা পালন করিনি। কারণ তাহলে দল এবং দেশের সঙ্গে বেইমানি করা হত। সেটা আমাকে দিয়ে সেটি সম্ভব নয়। কারণ দেশ তো মায়ের মতো।"
দলের কোনো খেলোয়াড় কি এর সঙ্গে জড়িত? জানতে চাইলে জুলকারনাইন জানান, "এ ব্যাপারে আমি হ্যাঁ কিংবা না কোনোটাই বলব না। সময় হলে সব জানতে পারবেন। আমি শুধু বলব, যা ভাল মনে করেছি তাই করেছি।"
জুলকারনাইন মোবাইলের সিমকার্ড কেনার কথা বলে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে তার পাসপোর্ট চেয়ে নেন। তারপরেই গোপনে হোটেল ছাড়েন।
ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন এই ক্রিকেটার। তবে বলেছেন, বৃটিশ কর্তৃপক্ষ সবকিছু যাচাই করে তাকে নিরাপত্তা ও সাহায্যের আশ্বাস দিয়েছে।
এখন লাহোরে থাকা তার পরিবারকে নিয়ে উদ্বিগ্ন। তাদেরকে বাঁচানোর আবেদন জানিয়েছেন। জুলকারনাইন জানান, আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছেন তিনি। সাক্ষাৎকারে তাকে বেশ কয়েকবার আবেগে ভেঙ্গে পড়তে দেখা গেছে।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘটনা সম্পর্কে তদন্ত করতে নেমেছে। যোগাযোগ করেছে লন্ডনস্থ দেশটির হাইকমিশনের সঙ্গে।
২০১০ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া জুলকারনাইন টেস্ট খেলেন মাত্র একটি। একদিনের ম্যাচ খেলেছেন ৪টি। কোনো শতক না থাকলেও টেস্টে একটি অর্ধ-শতক রয়েছে তার। আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৯১৬ ঘ.
bdnews24