ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বের উদ্বোধনী দুই ম্যাচে সোমবার চারটি সেঞ্চুরি হয়েছে। সেঞ্চুরি করেছেন বরিশালের ফজলে মাহমুদ, রাজশাহীর মুশফিকুর রহিম, ঢাকার মোহাম্মদ আশরাফুল এবং খুলনার ইমরুল কায়েস।
ঢাকার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ফজলে মাহমুদের ১৪৮ রানের সুবাদে বরিশাল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭২ রান করে। নাসিরউদ্দিন ফারুক করেন ৬৮ রান।
জবাবে মুশফিকুরের ১১৪ রানের ইনিংসটি পরও রাজশাহী ৪৮ ওভার ২ বলে ২৬৪ রানে অলআউট হয়ে যায়। ৮ রানে জেতে বরিশাল।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খুলনা ৪ উইকেটে হারায় ঢাকা বিভাগকে। প্রথমে ব্যাট করে মোহাম্মদ আশরাফুলের অপরাজিত ১১১ রানের সৌজন্যে ঢাকা ৫০ ওভারে ৬ উইকেটে ২৭২ রানের বড় সংগ্রহ গড়ে।
কিন্তু জবাবে ইমরুল কায়েসের ১০৮ রানের সুবাদে খুলনা ৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ২৭৩ রান তুলে ম্যাচ জেতে। খুলনার মিঠুন আলী ৫৯ এবং জিয়াউর রহমান অপরাজিত ৪২ রান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০৩২ ঘ.
bdnews24