ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এমন একটা চাওয়া ভারতের শচীন টেন্ডুলকারেরও আছে। এবার সেই একই চাওয়ার প্রতিধ্বনি করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনুস খানও। বললেন অবসর নেয়ার আগে বিশ্বকাপটা জিততে চান তিনি। এমনকি এও বলেছেন, তার মতে পাকিস্তানও এবারের বিশ্বকাপ জয়ের চার ফেবারিটের অন্যতম।
"খেলাটা ছাড়ার আগে আমি বিশ্বকাপটা জিততে চাই। তাহলে সেটা হবে আমার ক্যারিয়ারের পরম প্রাপ্তি। যে যাই বলুক উপমহাদেশের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপে আমরাও অন্যতম ফেবারিট। আমাদেরকে কেউই হালকাভাবে নিতে পারবে না। যদি আমরা সামর্থ্যরে সেরাটা খেলতে পারি, তাহলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপটা উঠতে পারে আমাদের হাতেই। আমরা কিছুদিন আগেই অনেক হিসাব বদলে দিয়ে জিতেছি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাহলে ৫০ ওভারের বিশ্বকাপ কেন জিততে পারব না"- বলেছেন ইউনুস।
বলা দরকার ৩২ বছর বয়সী ইউনুসের অধিনায়কত্বেই গত বছরের জুনে পাকিস্তান ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। কিন্তু তার পাঁচ মাস পরেই নেতৃত্ব হারান ইউনুস। তারপর অস্ট্রেলিয়া সফর শেষে দল থেকে বাদ পড়েন। পান নিষেধাজ্ঞার শাস্তিও।
চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ইউনুসের শাস্তি তুলে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাকে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলভুক্ত করে। চতুর্থ ওয়ানডেতে তার চমৎকার ৭৩ রানের সুবাদেই পাকিস্তান হারায় দক্ষিণ আফ্রিকাকে।
ইউনুস বলেন দল থেকে বাদ পড়ে ফিরে আসা খুবই কঠিন। কিন্তু ফেরার জন্য চেষ্টার কোনো ঘাটতি রাখেননি। ফিটনেস ধরে রেখেছেন, খেলেছেন নিয়মিত। তবে মানছেন খুব বেশিদিন আর তরুণদের সঙ্গে লড়াই করে টিকে থাকা যাবে না। তাই বিদায় নেয়ার আগে আরো একবার নিজের সেরাটাই খেলে যেতে চান তিনি। আর চান বিশ্বকাপ জিততে।
সাবেক অধিনায়ক জানান ক্যারিয়ারের বাকি সময়টাতে তিনি দলের তরুণ ক্রিকেটারদের পথ চলতে সাহায্য করবেন। তার মতে দলের সিনিয়র ক্রিকেটাররা যদি নৈপুণ্য দেখাতে পারেন, পথ দেখাতে পারেন তরুণদের তাহলে পাকিস্তান ফের ম্যাচ জয়ের ধারায় ফিরবে।
ইউনুস এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৬৩ টেস্ট এবং ২০৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। জানিয়েছেন, ক্যারিয়ারের বাকি সময়ে তিনি আর নেতৃত্ব নিয়ে ভাবতে চান না। দলের সাধারণ খেলোয়াড় হিসেবেই দেশকে সেবা দিতে চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৯০১ ঘ.
bdnews24