ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আহমেদাবাদ টেস্টের চতুর্থদিন দ্বিতীয় পালায় ক্রিস মার্টিনের মারাত্মক বোলিংয়ের মুখে পথ হারিয়ে ফেলেছে ভারত। ৬ উইকেটে রান তুলেছে ৮২। ফলে নিউজিল্যান্ডের চেয়ে তারা এগিয়ে আছে ১১০ রানে।
সর্দার প্যাটেল স্টেডিয়ামে প্রথম পালায় ভারতের ৪৮৭ রানের জবাবে টেস্ট অভিষেক হওয়া ক্যান উইলিয়ামসনের শতকের (১৩১) সুবাদে নিউজিল্যান্ড করে ৪৫৯। ফলে ভারত এগিয়ে থাকে ২৮ রানে। আগেরদিন শনিবার শতক হাঁকান জেস রাইডার (১০৩)।
ভিভিএস লক্ষ্মণ ব্যাট করছেন ৩৪ রান নিয়ে। অন্য প্রান্তে ১২ রানে অপরাজিত রয়েছেন হরভজন সিং।
দ্বিতীয় পালায় ব্যাট হাতে নেমেই শুরু হয় ভারতীয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা। মাত্র ১৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয় বসে তারা।
এরপর ইনিংস মেরামতের কাজ করতে থাকেন লক্ষ্মণ ও মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সেই কাজে লক্ষ্মণকে পর্যাপ্ত সহায়তা করতে পারেননি ভারত অধিনায়ক ধোনি। দলের সঙ্গে ৫০ রান যোগ হওয়ার পর বিদায় নেন ধোনি। তখন দলের রান ছিল ৬৫।
এরপর লক্ষ্মণের সঙ্গে যোগ দেন হরভজন সিং। তারা দু'জনে মিলে দলের সঙ্গে যোগ করে আরো ১৭ রান।
সাজঘরে ফিরে গেছেন গৌতম গম্ভির (০), বীরেন্দ্র শেবাগ (১), রাহুল দ্রাবিড় (১), শচীন টেন্ডুলকার (১২) ও সুরেশ রায়না (০)।
ছয়টি উইকেটের মধ্যে পঁচটিই নিয়েছেন মার্টিন। রান দিয়েছেন ১৫। আর শেবাগ রান-আউট হন।
এর আগে ৫ উইকেটে ৩৩১ রান নিয়ে রোববার দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান উইলিয়ামসন তার ৮৭ রানের ইনিংসটি টেনে নিয়ে যান ১৩১ এ। দলীয় ৪১৭ রানের মাথায় প্রজ্ঞান ওঝার বলে লক্ষ্মণের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন তিনি। তার ২৯৯ বলের ইনিংসে চার রয়েছে দশটি।
অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিও বিদায় নেন ওই ৪১৭ রানের মাথায়। ৪১ রান করে তিনি রায়নার বলে ধোনির হাতে ধরা পড়েন।
এছাড়া আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি।
ভারতে বোলারদের মধ্যে ৪টি উইকেট নেন ওঝা ১০৭ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন জহির খান ও শ্রীশান্ত। এজন্য জহিরের খরচ হয় ৭০ রান ও শ্রীশান্ত দেন ৮৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৭০৮ ঘ.
bdnews24