ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমজমাট খেলায় দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
এক বল হাতে রেখে পাকিস্তান জয়ের লক্ষ্য ২৭৫ রানে পৌঁছে যায় ৯ উইকেটে। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে করে ২৭৪ রান।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ একদিনের খেলায় দক্ষিণ আফ্রিকার বেঁধে দেয়া জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় মাত্র ৬ রানের মাথায় ইমরান ফারহাত (২) বিদায় নেন।
তবে অপর উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও ইউনুস খান ৫৮ রান যোগ করে দলের অবস্থা সুসংহত করেন। ৬৪ রানের মাথায় হাফিজ ৪২ রান করে বিদায় নেন। তার ২৯ বলের ইনিংসে চার রয়েছে পাঁচটি।
ইউনুস খান ১১৫ বলে করেন ৭৩। এছাড়া আসাদ শফিক ৩৬, আব্দুল রাজ্জাক ৩৩ ও অধিনায়ক শহিদ আফ্রিদি ২৯ রান করেন।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মর্নে মরকেল ৩ উইকেট নেন ৪৮ রানে। এছাড়া একটি করে উইকেট নেন ডেল স্টেইন, জোহান বোথা ও জ্যাক ক্যালিস। এজন্য ক্যালিসের খরচ হয় ৪০ রান। বোথা দেন ৪২ ও স্টেইন ৭৯।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা খুব একটা খারাপ করেনি। দলীয় ৩৬ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা ১০ রান করে সাজঘরের পথ ধরেন। ক্যালিসও (১৫) দ্রুত বিদায় নেন।
এ অবস্থায় হাল ধরে দলের অবস্থা মজবুত করেন অধিনায়ক গ্রায়েম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্স। স্মিথ দলের পক্ষে সবচেয়ে বেশি ৯২ রান করেন। এছাড়া ভিলিয়ার্স ৪৯ ও পল ডুমিনি করেন ৩৬।
মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ ও শোয়েব আখতার দু'টি করে উইকেট নেন। এজন্য হাফিজের খরচ হয় ৩৭ রান। রিয়াজ দেন ৬১ ও শোয়েব আখতার ৫১।
এই খেলায় পাকিস্তান জেতায় পাঁচ ম্যাচের সিরিজে ২-২ এ সমতা ফিরে এলো।
সিরিজ নির্ধারণী পঞ্চম একদিনের খেলাটি হবে ৮ নভেম্বর দুবাইয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/০১৩৫ ঘ.
bdnews24