ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বীরেন্দ্র শেবাগ ও রাহুল দ্রাবিড়ের শতকের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের প্রথমদিনটি নিজের করে নিয়েছে ভারত। এগিয়ে যাচ্ছে তারা বড় সংগ্রহের পথে। দিন শেষে ভারত করেছে ৩ উইকেটে ৩২৯ রান।
মোতেরার সর্দার প্যাটেল স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিকরা। উদ্বোধনী ব্যাটসম্যান শেবাগ তার স্বভাবসুলভ ভঙ্গীতে খেলে ১৭৩ রান করেন। তার ১৯৯ বলের ইনিংসে একটি ছক্কা ও ২৪টি চার রয়েছে। আর দ্রাবিড় ক্রিকেটের ব্যাকরণ অনুযায়ী খেলে ১০৪ রান করেন ২২৭ বলে। তিনি সীমানার ওপারে বল পাঠান ১৪বার।
শচীন টেন্ডুলকার ১৩ এবং ভিভিএস লক্ষ্মণ ৭ রানে অপরাজিত রয়েছেন।
সকালে টস জিতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং নিতে দ্বিতীয়বার চিন্তা করেননি। কারণ মরা উইকেটে পেসার কিংবা স্পিনার, কারো জন্যই কিছু ছিল না। ফলে দিনের অধিকাংশ সময় নিউজিল্যান্ডের বোলাররা কেবল রানই দিয়ে গেছেন। তবে তাদের ফিল্ডিংও ভালো হয়নি। ক্যাচ ফেলেছেন কয়েকটি।
উদ্বোধনী জুটিতে গৌতম গম্ভির ও শেবাগ রান তোলেন সাবলীলভাবে। ১২ ওভারেই তারা করেন ৬০ রান। কিন্তু অনিয়মিত মিডিয়াম পেসার জেস রাইডারের একটি বল গম্ভিরের (২১) ব্যাটে লেগে তার উইকেটে আঘাত হানে। এতে কিছু সময়ের জন্য কিউইরা আনন্দে মাতলেও তা মিলিয়ে যেতে খুব একটা দেরি হয়নি। কারণ উইকেটে দাঁড়িয়ে যান শেবাগ ও দ্রাবিড়।
শেবাগ তার টেস্ট-জীবনের ২২তম শতক হাঁকিয়ে যখন দ্বি-শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ফিরে যান সাজঘরে। ভেঙে যায় ২৩৭ রানের দ্বিতীয় উইকেট জুটি। কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির বলে বোল্ড হন শেবাগ।
এর কিছুক্ষণ পর দ্রাবিড়ও বিদায় নেন। কিন্তু তার আগেই তিনি তার ক্রিকেট-জীবনের ৩০তম শতক আদায় করে নেন। পেসার ক্রিস মার্টিনের বলে স্ট্যাম্প উড়ে যায় তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/টিআর/এনআই/১৮০৭ ঘ.
bdnews24