ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান দলের হয়ে খেলতে আগ্রহী সাবেক অধিনায়ক শোয়েব মালিক। সে জন্য ঘরোয়া ক্রিকেটে নিজের সেরা খেলা খেলতে চান তিনি।
আগামী বছর বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে উপমহাদেশে।
আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে নির্বাচকরা দলে নেননি মালিককে। অবশ্য এর আগে বিতর্কিত ইংল্যান্ড সফরে দলে ছিলেন তিনি।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সুপার সিক্স টুর্নামেন্টে মালিককে দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছে। প্রতিযোগিতাটি হবে হংকংয়ে, ৬ ও ৭ নভেম্বর।
হংকং যাওয়ার আগে মালিক বলেন, "বিশ্বকাপে খেলার আশা আমি ছেড়ে দেইনি। বিশ্বকাপে পাকিস্তানের প্রাথমিক ৩০ জনের দলে তিনি থাকবেন বলেও আশা করছেন। বাকিটা নির্ভর করবে ঘরোয়া ক্রিকেটে আমার ভালো খেলার ওপর।"
সাবেক অধিনায়ক বলেন, নির্বাচকরা তাকে জানিয়েছেন যে তার ওপর থেকে এখনো আস্থা হারাননি তারা। সেই জন্যই কঠোর অনুশীলন ও পরিশ্রম করছেন তিনি।
হংকং থেকে ফিরেই ঘরোয়া ক্রিকেটে নেমে পড়বেন মালিক। লক্ষ্য নিউজিল্যান্ড সফরে দলে ফেরা। ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দু'টি টেস্ট, ছয়টি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৭৪১ ঘ.
bdnews24