২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি'কে আক্রমণ করলেন সালমান ও আমির

আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষেধাজ্ঞা বহাল রাখায় আইসিসি'র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনলেন সালমান বাট এবং মোহাম্মদ আমির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 12:19 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষেধাজ্ঞা বহাল রাখায় আইসিসি'র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনলেন সালমান বাট এবং মোহাম্মদ আমির। 'স্পট ফিক্সিং'য়ের অভিযোগের বিরুদ্ধে শুনানি খারিজ হওয়ার পর দুবাই থেকে দেশে ফিরে সাংবাদিকদের সামনে এ কথা বলেন দুই পাকিস্তান ক্রিকেটার। দুবাইতে তাদের আপিলের শুনানি শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি কমিটির চেয়ারম্যান মাইকেল বেলোফ বাট ও আমিরের ওপর আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা বহাল রাখেন। এরপর দুই খেলোয়াড়ের আইনজীবীরাও প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, শুনানি যথাযথ হলেও তার রায়ে মোটেই সন্তুষ্ট নন তাদের মক্কেলরা। লাহোরে ফিরে আইসিসি'র বিরুদ্ধে বিষোদগারে ফেটে পড়েন সালমান। তার ধারণা এটি পাকিস্তান ক্রিকেট এবং ক্রিকেটারদের বিরুদ্ধে আইসিসি'র একটা নীল নকশা বাস্তবায়নেরই অংশবিশেষ। পাকিস্তানের ক্রিকেটকে কোণঠাসা করাই যার লক্ষ্য। বাট বলেন, "আমি শুনানির ফলে খুবই হতাশ। তারা আমাদের সব কথাই শুনেছে। কিন্তু আমার মনে হয়েছে, সেটি শুধু লোক দেখানো। সিদ্ধান্ত আইসিসি আগেই নিয়ে রেখেছিল। তথ্য-প্রমাণ আমরা কম উপস্থাপন করিনি। কিন্তু তারা কেবল একটি ট্যাবলয়েড পত্রিকার রিপোর্টের ওপর ভিত্তি করেই সব শেষ করেছে।" বাট জানান, মাজহার মাজিদের সঙ্গে তাদের চুক্তি কোনোভাবেই প্রমাণ হয়নি। সালমানের দাবী যে ভিডিও ফুটেজটি দেখানো হয়েছে, সেখানে তার উপস্থিতি প্রমাণ করা যায়নি। শুধু সন্দেহের বশে তাকে দোষী বানানো হচ্ছে। এটাকে ইংলিশ মিডিয়ার একটা প্রচারণা বলে উল্লেখ করেন তিনি। ফাস্ট বোলার আমিরও হতাশ আইসিসি'র আচরণে। তিনি বলেন, "দুবাই যাওয়ার আগে মনে হয়েছিল যথাযথ তথ্য প্রমাণ থাকায় আমরা মুক্তি পাব। কিন্তু শুনানি শেষে যখন সিদ্ধান্ত জানানো হল, তখন মনে হয়েছে, ওটা আগে থেকেই লিখে আনা হয়েছিল। সত্য আমরাও জানতে চাই।" পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। কেবল বলেছে বিষয়টি এখন খেলোয়াড়রা এবং তাদের আইনজীবীরা সামলাবেন। সালমান বলেন, "আমি মনে করি বিষয়টি এখন সরকার ও পিসিবি'র হাতে নেয়া উচিত। কারণ এটি শুধু তিন খেলোয়াড়ের ব্যাপার নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে পাকিস্তানের ক্রিকেটের সুনামও।" সালমান এবং আমিরের বিষয়টি এখন নিরপেক্ষ তদন্ত কমিটিতে চলে যাবে। সেখানে পূর্ণাঙ্গ তদন্ত ও শুনানির পর তাদের ব্যাপারে চূড়ান্ত রায় দেয়া হবে। ওই শুনানির দিন ঠিক হয়নি এখনো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৮১৩ ঘ.