ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের আইপিএল থেকে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল।
তার মতে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটেই ম্যাচ পাতানো সবচেয়ে সহজ। কারণ এর সঙ্গে যুক্ত থাকে বিভিন্ন বেসরকারি কোম্পানি ও পৃষ্ঠপোষক।
আগামী বছর অস্ট্রেলিয়ার ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি প্রতিযোগিতা 'বিগ ব্যাশ' চলে যাচ্ছে বেসরকারি কোম্পানির কাছে। তাই ইয়ানের আশঙ্কা, অর্থের লেনদেনে অনিয়ম হতেই পারে।
সাবেক অজি অধিনায়কের পরামর্শ, শুরু থেকেই সিএ'র উচিত প্রতিযোগিতার আর্থিক লেনদেনের ওপর কড়া নজর রাখা দরকার।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বিভিন্ন দলের স্পন্সর ও বিজ্ঞাপনদাতা হিসেবে বেশ কিছু ভারতীয় কোম্পানিও নাম লিখিয়েছে। তাই ইয়ান বলেছেন, "কেন ভারতীয় ব্যবসায়ীরা আমাদের এখানে অর্থ ঢালতে চায় তা বোঝা দরকার। এ ব্যাপারে খোঁজ-খবর রাখা দরকার। আমি বিনিয়োগে বিরোধী নই। আমি কেবল ক্রিকেটকে কলুষমুক্ত দেখতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/টিআর/এনআই/১৯৩৪ ঘ.
bdnews24