ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরো অনেকের মতো শচীন টেন্ডুলকারও বলে দিলেন আসন্ন অ্যাশেজে ইংল্যান্ডই এগিয়ে। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির মতে হালের ইংল্যান্ড দলটি অস্ট্রেলিয়ার চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ।
শচীনের ধারণা অস্ট্রেলিয়ার মাটিতে এবার অ্যাশেজ জেতার চমৎকার সুযোগ রয়েছে ইংল্যান্ডের। তাতে ব্যাটিংয়ে বড় ভূমিকা নিতে পারেন তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান ইউয়িন মর্গান। বলেছেন, "আমি অধীর আগ্রহে অ্যাশেজের জন্য অপেক্ষা করছি। এ লড়াইয়ে আমার বাজি ইংল্যান্ডের পক্ষেই। মর্গান এবং অফ-স্পিনার গ্রায়েম সোয়ান ইংল্যান্ডের সাফল্যে বড় ভূমিকা নিতে পারে।"
মর্গান সম্পর্কে খুবই উচ্চ ধারণা শচীনের। বলেছেন, "ওর মধ্যে নির্ভরযোগ্য টেস্ট ব্যাটসম্যান হওয়ার সব উপাদান রয়েছে। তার প্রমাণ ও দিতে পারে অ্যাশেজেই।"
মর্গান ছাড়াও অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস, পল কলিংউড এবং কেভিন পিটারসেনের ওপরেই ইংল্যান্ডের ব্যাটিং নির্ভর করবে বলে মনে করছেন শচীন। ভারতীয় মাস্টার ব্যাটসম্যান সাফ বলে দেন বিশ্ব ক্রিকেটে অজিদের আধিপত্য এখন শেষের পথে।
বলেছেন হেডেন, ল্যাঙ্গার, মার্টিন, গিলক্রিস্ট, ওয়ার্ন এবং ম্যাকগ্রাদের মতো গ্রেটরা অবসর নেয়াতে অজিরা সত্যিই বেকায়দায় পড়ে গেছে। পন্টিং এবং মাইকেল ক্লার্ক ছাড়া দলে নির্ভরযোগ্য কাউকে দেখা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৭৪৬ ঘ.
bdnews24