২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা উঠলেই দলে সালমান ও আমির

আইসিসি'র সাময়িক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেই সালমান বাট এবং মোহাম্মদ আমিরকে পাকিস্তান দলে ডেকে নেয়া হবে। জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক মোহসিন খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি'র সাময়িক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেই সালমান বাট এবং মোহাম্মদ আমিরকে পাকিস্তান দলে ডেকে নেয়া হবে। জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক মোহসিন খান। সালমান এবং আমির এখন দুবাইতে। শনিবার আইসিসি'র নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাদের আপিলের দুই দিনব্যাপী শুনানি শুরু হবে। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে 'স্পট ফিক্সিং'য়ে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের তিন ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি। অপরজন হচ্ছেন ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ। কিন্তু শেষ মুহূর্তে তিনি আপিল প্রত্যাহার করে নেন। মোহসিন বলেন, "আমি আশা করছি শুনানির পর সালমান এবং আমির মুক্তি পাবে। যদি তাই ঘটে, তাহলে আমরা পিসিবি'র কাছ থেকে সালমান ও আমিরের জন্য জাতীয় দলে খেলার অনাপত্তি পত্র চাইব। যাতে দ্রুত এই দুই ক্রিকেটারকে জাতীয় দলে ফেরানো যায়।" সালমান এবং আমির তাদের আইনজীবীদের নিয়েই দুবাই গেছেন। সেখানে আইসিসি'র আচরণবিধি কমিটির চেয়ারম্যান মাইকেল বিলোফের সামনে শুনানি হবে। এই শুনানির রায়ের বিরুদ্ধে আর আপিল করতে পারবেন না খেলোয়াড়রা। যদি সালমান ও আমির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান, তাহলে তো কথাই নেই। কিন্তু তা যদি না হয়, সেক্ষেত্রে বিষয়টি পূর্ণ শুনানির জন্য নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত কমিটিতে উপস্থাপন করা হবে। তবে তার আগে লন্ডন পুলিশের তদন্ত রিপোর্ট পেতে হবে কমিটিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮১৫ ঘ.