ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচকের পদ হারালেন সাবেক অজি ফাস্ট বোলার মার্ভ হিউজ। শুক্রবার সিএ'-র চেয়ারম্যান অ্যান্ড্রু হিলডিচ তার বরখাস্তের খবর জানান।
হিউজসহ মোট পাঁচ সদস্যের দল এতদিন নির্বাচনের কাজ চালাতেন। এখন সেটি হয়ে গেল চার সদস্যের। হিলডিচ ছাড়া বাকি তিনজন হলেন ডেভিড বুন, গ্রেগ চ্যাপেল এবং জেমি কক্স।
নির্বাচকদের মধ্যে কেবল গ্রেগ চ্যাপেলই সার্বক্ষণিক এবং বেতনভুক্ত পেশাদার হিসেবে কাজ করছেন। সিএ'র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, চার সদস্যের কমিটিই অস্ট্রেলিয়ার ক্রিকেটকে ফের শীর্ষে পৌঁছে দিতে পারবেন বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
হিউজ গত পাঁচ বছর অন্যতম নির্বাচক হিসেবে কাজ করেছেন। তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে ভোলেনি সিএ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৬৪৩ ঘ.
bdnews24