২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ ক্রিকেটে জিতেছে অ্যাসেন্ট রয়্যাল ও জোসে ফাইটস

বিচ ক্রিকেটের প্রথমদিন বৃহস্পতিবার দু'টি খেলায় জিতেছে অ্যাসেন্ট রয়্যাল ও জোসে ফাইটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 02:34 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিচ ক্রিকেটের প্রথমদিন বৃহস্পতিবার দু'টি খেলায় জিতেছে অ্যাসেন্ট রয়্যাল ও জোসে ফাইটস। খেলা দু'টি হয় কক্সবাজার সমুদ্র সৈকতের সিগ্যাল পয়েন্টে। সাবেক ক্রিকেটারদের সংগঠন উইকেন্ড ক্রিকেটার্স ক্লাব অ্যাসোসিয়েশন (ওয়েকা) এই প্রতিযোগিতার আয়োজন করেছে। চলবে শনিবার পর্যন্ত। সমদ্র সৈকতে রীতিমতো উৎসবের আমেজ ছড়িয়ে দেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। তাদের অনেকেই এক সময় খেলেছেন জাতীয় দলে। কেউ বা আবার খেলেছিলেন ঢাকার বিভিন্ন ক্লাবে। অ্যাপেক্স গ্ল্যাডের বিপক্ষে রয়্যাল জিতেছে ৭ রানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪ ওভারে ৫২ রান করে রয়্যাল। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাপেক্স গুটিয়ে যায় ৪৫ রানে। সেই মাঠে আরেক খেলায় মিলেনিয়াম ক্লাবকে (৩৮/৪) ৮ উইকেটে হারিয়েছে জোসে ফাইটস (৩৯/২)। মিলেনিয়ামের হয়ে খেলতে নামেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ওমর খালেদ রুমি। দীর্ঘ ৭ বছর পর আবারো ব্যাট হাতে মাঠে নেমে মোটেও সুবিধা করতে পারেননি তিনি। রান করেন মাত্র ২। তারপরও উৎসাহের কোনো কমতি ছিল না তার মধ্যে। তিনি বলেন, "এটা আমার জন্য মনে রাখার মতো একটি দিন। গতবার খেলতে পারিনি বলে আমার মধ্যে একটা দুঃখ ছিল। এবার তা ঘুচলো।" ১৯৮৬ সালে ক্রিকেটকে বিদায় জানান তিনি। খেলার জন্য কক্সবাজারকে বেছে নেয়ার কারণও জানান রুমি। তার কথা, "পর্যটন শিল্পের বিকাশের জন্যই এখানে খেলতে এসেছি। আমি মনে করি, ক্রিকেট এখানকার পরিবেশটাই বদলে দিতে পারে। সৈকতে নিয়মিত ক্রিকেট হলে কক্সবাজার আরো জনপ্রিয় হয়ে উঠবে।" জোসে ফাইটসের পক্ষে খেলেছেন জাতীয় দলের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার হোসের বিদ্যুৎ। মাত্র ১ রান করে ফিরে যান তিনি সাজঘরে। তারপরও বললেন, বেশ উপভোগ করছেন তিনি বিচ ক্রিকেট। তিনি বলেন, "বছরের প্রায় পুরো সময়ই ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। এতে এক ধরনের মানসিক ক্লান্তি ভর করে শরীরে। কিন্তু এখানে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার পাশাপাশি ক্লান্তিও কেটে যাচ্ছে।" প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এবার নিয়ে দ্বিতীয় বারের মতো এই প্রতিযোগিতা হচ্ছে কক্সবাজারে। সে সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান এবি ব্যাংকের প্রেসিডেন্ট কাইজার এ চৌধুরী, সিটিসেলের প্রধান পরিচালক ডেভিড লি, ওয়েকার সভাপতি মাহবুবুর রহমান ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর। শুক্রবার সকাল নয়টা থেকেই মাঠে নামবেন সাবেক ক্রিকেটাররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৯৫৮ ঘ.