ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) খেলায় নিউজিল্যান্ড দল থেকে বাদ দেয়া হয়েছিল সাবেক ফাস্ট বোলার শেন বন্ডকে। আর একে তিনি 'রাজনীতির শিকার' বলে অভিহিত করেছেন।
আইসিএল'র দল দিল্লি জায়ান্টের হয়ে খেলেছিলেন বন্ড। এ কারণে তাকে দল থেকে বাদ দেয় নিউজিল্যান্ড ক্রিকেট।
এ প্রসঙ্গে বন্ড তার বই 'লুকিং ব্যাক'-এ লেখেন, আইসিএল-এ খেলার সিদ্ধান্ত নেয়ার জন্য তার ুকোনো দুঃখ নেই। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটের আচরণে তিনি হতাশ হয়েছেন। এর কারণ হিসেবে তিনি লেখেন, তার দেশের বোর্ডই তাকে খেলার অনুমতি দিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপের পর নিউজিল্যান্ড ক্রিকেট পিছু হটে যায় বলে তিনি দাবি করেন।
"আমি কখনই বুঝতে পারিনি যে কেন আমাকে আইসিএল অথবা নিউজিল্যান্ড দলকে বেছে নিতে হবে। বিশেষ করে, দুই জায়গায় খেলার ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট যখন আমাকে অনুমতি দিয়েছিল। এছাড়া নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে চুক্তি অনুযায়ী, দুই জায়গাতেই খেলার সুযোগ আমার আছে,"বন্ড তার বইয়ে লেখেন, "শেষ পর্যন্ত রাজনীতির শিকার হতে হয় আমাকে।"
আইসিএল-এ খেলার ব্যাপারে বন্ড চুক্তি করেছিলেন ২০০৮ সালের জানুয়ারিতে। এরপর দেড় বছর নিউজিল্যান্ড দলের বাইরে থাকতে হয় তাকে। আইসিএল-এর সঙ্গে চুক্তি বাতিল করলে জাতীয় দলে খেলার সুযোগ দেয়া হবে বলে নিউজিল্যান্ড ক্রিকেটের ঘোষণার পর বন্ড তা মেনে নেন। বাতিল করেন চুক্তি। এরপর ২০০৯ সালের জুনে জাতীয় দলে ফেরেন তিনি।
পরে অবশ্য তিনি খেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এ জন্য কলকাতা তাকে দেয় সাড়ে সাত লাখ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৮৩০ ঘ.
bdnews24