ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় মঙ্গলবার জিতেছে ঢাকা, বরিশাল এবং রাজশাহী বিভাগ।
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে সহজেই ৭ উইকেটে জেতে ঢাকা।
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক মোহাম্মদ শরীফ। ৪৬ ওভার ১ বলে সিলেটের ইনিংস গুটিয়ে যায় ১৫৮ রানে। আবুল হোসেন রাজু ৫১ বলে ৩৭ ও সাকির আহমেদ ৩৪ বলে ২৩ রান করেন।
ঢাকার নূর হোসেন ৩৩ রানে ৩ উইকেট নেন। ইলিয়াস সানি ও মোহাম্মদ শরিফ নেন দু'টি করে উইকেট।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ আশরাফুল (৫২ বলে অপরাজিত ৬৬) ও শামসুর রহমান শুভর (৫০) অর্ধ-শতকের ওপর ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।
বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ১৯ রানে জিতেছে বরিশাল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বরিশাল ৫ উইকেটে ২৫২ রান করে। জাতীয় দলের ক্রিকেটার রকিবুল হাসান ৯৯ বলে করেন ১০১। এছাড়া শাহরিয়ার নাফীস করেন ৪২।
খুলনার পক্ষে ১টি করে উইকেট নেন রবিউল ইসলাম, ডলার মাহমুদ, বিশ্বনাথ হালদার ও মাসুদ।
জবাবে ব্যাট করতে নেমে খুলনা ৪৮ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ২৩৩ রান করে। দুই রানের জন্য শতক-বঞ্চিত হন তুষার ইমরান। অমিত মজুমদার ৪১ ও সগির হোসেন ২৫ রান করেন।
বরিশালের কামরুল হাসান ৪৩ রানে ৪ উইকেট ও মনির হোসেন ২৫ রানে ২ উইকেট নেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ১৫১ রানে জিতেছে রাজশাহী বিভাগ।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে রাজশাহী করে ২৮১ রান, ৬ উইকেটে। ১২৫ বলে নাঈম ইসলাম করেন ১১৩ রান। ৯৩ রান করেন মুশফিকুর রহিম।
রান তাড়া করতে নেমে মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায় চট্রগ্রাম। ৩৪ রান করেন নাফিস ইকবাল।
রাজশাহীর সাব্বির রহমান ১৩ রানে তিন উইকেট নেন। দু'টি করে উইকেট নেন সাকলায়েন সজীব ও নাঈম ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/২০৫১ ঘ.
bdnews24