২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের নিরাপত্তায় বিশেষ সেল

বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশে অনুষ্ঠেয় ম্যাচগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের জন্য একটি সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশে অনুষ্ঠেয় ম্যাচগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের জন্য একটি সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বকাপ ২০১১'র নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদসহ বিভিন্ন সংস্থা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমন্বয় সেলের প্রধান করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শককে। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন ডিজিএফআই, এনএসআই ও র‌্যাব'র প্রতিনিধি এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনাররা। এছাড়াও জাতীয় কমিটিতে অর্থ সচিব, পররাষ্ট্র সচিব, যুব ও ক্রীড়া সচিব, ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিলেটের ওসমানী বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) সদস্য হিসেবে কোঅপ্ট করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সভায় উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। বিশ্বকাপের ভেন্যুগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন বলেও ওই কর্মকর্তা জানান। আগামী বছরের ১৭ ফেব্র"য়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে বিশ্বকাপের আটটি মূল পর্বের ম্যাচ এবং চারটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯৫১ ঘ.