ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইএসপিএন-ক্রিকইনফোর সর্বকালের সেরা টেস্ট ক্রিকেট দলে নিজের নাম দেখে খুবই খুশি হয়েছেন শচীন টেন্ডুলকার।
ভারতীয় এই মাস্টার ব্যাটসম্যান বলেন, "স্যার ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তীর সঙ্গে একই দলে জায়গা পাওয়ার বিষয়টিকে স্বপ্নের মতো মনে হচ্ছে।"
বর্তমান ক্রিকেটারদের সেরা একাদশে আছেন একমাত্র শচীন। গত দু'দশকের ক্রিকেটারদের মধ্যে দলে আছেন শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম এবং অ্যাডাম গিলক্রিস্ট।
টেস্ট ক্রিকেটে ব্রাডম্যানের ব্যাটিং গড় ৯৯.৯৪। তার সঙ্গে নিজের নাম দেখে কল্পনাপ্রবণ হয়ে ওঠেন শচীন। তার কথা, "মাঠে ব্র্যাডম্যানের সঙ্গে হেঁটে যাওয়া অথবা ভিভ রিচার্ডসের সঙ্গে ইনিংস মজবুত করার কথাই ভাবছি। আসলে কল্পনা-বিলাসী হয়ে উঠছি আমি।"
সেরা টেস্ট একাদশে রয়েছেন জ্যাক হবস, লেন হাটন, ডন ব্র্যাডম্যান, শচীন টেন্ডুলকার, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যালকম মার্শাল, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও ডেনিস লিলি।
নির্বাচক ১২জনের মধ্যে রয়েছেন ইয়ান চ্যাপেল, ক্লাইভ লয়েড, টনি গ্রেগ, ইন্তিখাব আলম, জন রাইট ও অজিত ওয়াদেকারসহ আটজন সাবেক ক্রিকেটার এবং চারজন ক্রিকেট বিষয়ক লেখক ও সাংবাদিক।
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরামও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তিনি বলেন "আমি যে পাকিস্তানের হয়ে খেলতে পারবো সেকথাই কখনো ভাবিনি। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার বিশ্ব সেরা একাদশে নিজের নাম দেখে বারবার অবাক হচ্ছি।" একে তিনি খুবই সম্মানের বিষয় বলে মনে করেন।
উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি অ্যাডাম গিলক্রিস্টও। তিনি বলেন, "এটাই আমার জীবনের সেরা স্বীকৃতি। রডনি মার্শ, ইয়ান হিলি কিংবা মার্ক বাউচারকে পেছনে ফেলে সেরা হওয়া সহজ কথা নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৭৫০ ঘ.
bdnews24