ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন পিটার সিডল। যদিও ৯ মাস মাঠের বাইরে ছিলেন, তারপরও তার খেলা প্রায় নিশ্চিত।
বহুদিন আহত থাকার পর সুস্থ হয়ে উঠেছেন উইকেটরক্ষক ব্রাড হ্যাডিন। তাই দলে ডাকা হয়েছে তাকেও। টিম পেইনের বদলে মাঠে নামবেন তিনি।
তবে মাইকেল হাসি ও মিচেল জনসনকে বিশ্রাম দেয়া হয়েছে।
১২ সদস্যের দলটি গঠন করা হয়েছে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটারদের নিয়ে। ভিক্টোরিয়ার অলরাউন্ডার জন হাস্টিংয়ের অভিষেক হতে পারে টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে। গত সপ্তাহে ভারতের বিপক্ষে তিনি প্রথমবারের মতো একদিনের ম্যাচ খেলেন।
খেলাটি হবে পার্থে, ৩১ অক্টোবর রোববার।
দল: ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ব্রাড হ্যাডিন (উইকেটরক্ষক), মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ক্যামেরোন হোয়াইট, ডেভিড হাসি, স্টিভেন স্মিথ, জন হাস্টিংস, স্টিভ ও'কিফ, পিটার সিডল, ক্লিন্ট ম্যাককে ও ডার্ক ন্যান্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৮৪৬ ঘ.
bdnews24