ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে এবার একদিনের সিরিজেও হারের মুখে অস্ট্রেলিয়া। সিরিজ হার বাঁচানোর লড়াইয়ে রোববার স্বাগতিকদের মুখোমুখি হবে মাইকেল ক্লার্কের দল। কিন্তু বৃষ্টিতে পণ্ড হয়ে যেতে পারে মারগাঁওয়ে হতে যাওয়া এই ম্যাচ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দু'টি শেষে ১-০ তে এগিয়ে আছে ভারত। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মারগাঁওয়ের আবহাওয়ার বর্ণনা দিয়ে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জন হ্যাস্টিংস লিখেছেন, "ঈশ্বর, আমি এর আগে এমন অঝোর ধারার বৃষ্টি আর দেখিনি।"
বৃষ্টির কারণে ম্যাচটি না হলে কলঙ্ক নিয়ে দেশে ফিরবে অস্ট্রেলিয়া। ১৯৭৯-৮০ মৌসুমের পর এই প্রথম জয়বিহীন ভারত সফর শেষ হবে তাদের।
টেস্টের পর এখন ওয়ানডে সিরিজও জেতার অপেক্ষায় ভারত। মহেন্দ্র সিং ধোনি কিছুটা নির্ভার হয়েই মাঠে নামতে পারবেন। কেননা, সিরিজ হারের শঙ্কা নেই। হারলে ড্র হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
দ্বিতীয় ওয়ানডেতে জেতা দল নিয়ে নাও খেলতে পারে ভারত। আগের ম্যাচে বাজে বোলিং করা বিনয় কুমারের জায়গায় দেখা যেতে পারে মুনাফ প্যাটেলকে। কারণ নিজের শেষ দুই ওভারে ৪১ রান দিয়েছিলেন বিনয়!
রোববার অস্ট্র্রেলিয়া পাচ্ছে না মাইকেল হাসিকে। এরইমধ্যে দেশে ফিরে গেছেন এই ব্যাটসম্যান। তার জায়গায় দেখা যেতে পারে কুলাম ফার্গুসনকে।
কিন্তু প্রশ্ন হলো বৃষ্টি হতে দেবে তো এই ম্যাচ?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৯১৩ ঘ.
bdnews24