ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেকে নির্দোষ প্রমাণের আবেদন থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ আসিফ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন প্রত্যাহার করেছেন তিনি।
পাকিস্তান দলের ইংল্যান্ড সফরের সময় লর্ডস টেস্টে 'স্পট ফিক্সিং'য়ের অভিযোগে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি।
এরপর নিজেদের নির্দোষ দাবি করে আইসিসি'র এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করেছিলেন তারা তিনজন। কিন্তু শুক্রবার এই আবেদন প্রত্যাহার করেছেন আসিফ।
শুক্রবার এক বিবৃতিতে এই খবর শুনিয়েছে খোদ আইসিসি'র একজন মুখপাত্র। তারা জানায়, "শুক্রবার মোহাম্মদ আসিফ আমাদের জানিয়েছেন যে বহিষ্কারাদেশের বিরুদ্ধে করা তার আবেদন প্রত্যাহার করে নিতে চান।"
এই ঘটনার পর পাকিস্তানের সংবাদ মাধ্যম মনে করছে এর ফলে আসিফের আন্তর্জাতিক খেলোয়াড়ি জীবনের ইতি হলো। তারা বলছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যে মানসিক শক্তি প্রয়োজন সেটাও হারিয়ে ফেলেছেন এই পেস বোলার।
তবে পাকিস্তানের সংবাদমাধ্যম এটাও বলছে কৌশলগত কারণেই এই আবেদন থেকে সরে এসেছেন আসিফ। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে ভারত থেকে ফেরার পথে দুবাই বিমানবন্দরে নিষিদ্ধ ড্রাগসহ আটক হয়েছিলেন এই ক্রিকেটার। এবার শুনানি হবে দুবাইয়ে। সেখানে গেলে গ্রেফতার হতে পারেন এই ভয় থেকেই নাকি নাম প্রত্যাহার করেছেন আসিফ।
আসিফ এই আবেদন প্রত্যাহার করলেও সালমান বাট ও মোহাম্মদ আমির এখনো তাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আবেদন বহাল রেখেছেন।
আগামী ৩০ ও ৩১ অক্টোবর দুবাইয়ে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৮০৫ ঘ.
bdnews24