২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেয়ারকে ক্ষমা করে দিয়েছেন মুরালিধরন

তার ক্রিকেট জীবনই অকালে শেষ হয়ে যেতে বসেছিল লোকটির জন্য। কিন্তু সেই অজি আম্পায়ার ড্যারেল হেয়ারকে ক্ষমা করে দিয়েছেন শ্রীলঙ্কার স্পিন যাদুকর মুত্তিয়া মুরালিধরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 12:13 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তার ক্রিকেট জীবনই অকালে শেষ হয়ে যেতে বসেছিল লোকটির জন্য। কিন্তু সেই অজি আম্পায়ার ড্যারেল হেয়ারকে ক্ষমা করে দিয়েছেন শ্রীলঙ্কার স্পিন যাদুকর মুত্তিয়া মুরালিধরন। ১৯৯৫ সালে মেলবোর্নে শ্রীলঙ্কা - অস্ট্রেলিয়া টেস্টে মুরালিধরনকে বল ছোঁড়ার অপবাদ দিয়ে 'নো বল' ডেকেছিলেন হেয়ার। এ নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল। শেষ পর্যন্ত আইসিসির একাধিক পরীক্ষার পর অপবাদ থেকে মুক্তি পান মুরালিধরন। অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে মুরালিধরন বলেছেন " আমি হেয়ারকে ক্ষমা করে দিয়েছি। আর ব্যাপারটা মন থেকে মুছেও ফেলেছি। যদিও ওই ঘটনার পর আমি বেশ কিছুদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। কিন্তু মানুষই তো ভুল করে। হেয়ারও ভুল করেছিল। কিন্তু আমি অভিযোগ থেকে মুক্তি পেয়েছি। তাই অতীত নিয়ে পড়ে থাকতে চাই না।" মুরালিধরন স্বীকার করেন অস্ট্রেলিয়ায় তাকে মাঝেমধ্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। বিশেষ করে মাঠে খেলা চলার সময় কেউ কেউ কটুক্তি করে। কিন্তু সেগুলো এখন খেলোয়াড়িসুলভ মনোভাবেই মেনে নেন এই স্পিন যাদুকর। তবে সাবেক অজি প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডকে ক্ষমা করতে পারেননি মুরালিধরন। ২০০৪ সালে হাওয়ার্ডও তাকে 'চাকার' বলেছিলেন। একজন প্রধানমন্ত্রী কিভাবে ওরকম লাগামছাড়া মন্তব্য করেন সেটাই বুঝতে পারেন না মুরালিধরন। বলা দরকার, এই বিতর্কিত মন্তব্যের জন্যই চলতি বছরের জুনে আইসিসি'র সহসভাপতি হতে পারেননি হাওয়ার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৭৫৩ ঘ.