ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য রিকি পন্টিং ছাড়া অন্য কাউকে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে ভাবতে পারেন না সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন।
ওয়ার্নের সাফ কথা, এখনো অধিনায়ক হিসেবে পন্টিংয়ের বিকল্প কেউ নেই।
বলা দরকার ভারতের কাছে টেস্ট সিরিজ হারের পর গত সপ্তাহেই অফ-স্পিনার নাথান হরিজের বোলিংয়ে পন্টিংয়ের ফিল্ডিং সাজানো নিয়ে সমালোচনা করেছিলেন ওয়ার্ন।
ওয়ার্ন তার নিজস্ব ওয়েবসাইটে লিখেছেন, "আমার এবং পন্টিংয়ের বন্ধুত্বে কখনো ফাটল ধরেনি। আমি কখনোই বলিনি যে অধিনায়ক হিসেবে পন্টিংয়ের সময় ফুরিয়ে এসেছে।"
"পন্টিংকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া উচিত। তাহলে সে তার পুরো মনোযোগ ব্যাটিংয়ের দিকে দিতে পারবে।" গত সপ্তাহে একটি রেডিও স্টেশনের আলোচনায় এমনটাই বলেছেন সাবেক ফাস্ট বোলার জিওফ লসন। পরে শ্রোতাদের অনেকে পন্টিংয়ের রাজত্ব শেষ বলে মন্তব্য করেন। তবে এর সঙ্গে একমত নন ওয়ার্ন।
যোগ্য নেতৃত্ব এবং ব্যাট হাতে ফের নিজের যোগ্যতা দেখাবার জন্য আসন্ন অ্যাশেজই পন্টিংয়ের সেরা সুযোগ। এমনটাই মনে করছেন ওয়ার্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/১৮৫৪ ঘ.
bdnews24