২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবির সমালোচনা করলেন আকরাম

দল নির্বাচনে কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনা না করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং প্রধান নির্বাচকের সমালোচনা করলেন ওয়াসিম আকরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দল নির্বাচনে কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনা না করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং প্রধান নির্বাচকের সমালোচনা করলেন ওয়াসিম আকরাম। কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করে পাকিস্তান। কিন্তু দল ঘোষণার দিন ওয়ানডে কিংবা টেস্ট, কোনো অধিনায়কের নামই জানানো হয়নি। একদিন পর পিসিবি ওয়ানডেতে শহীদ আফ্রিদিকেই নেতৃত্বে রেখে দেয়। আর টেস্টে নতুন অধিনায়ক হিসেবে মিসবাহ উল হকের নাম ঘোষণা করে। কিন্তু দল ঘোষণার আগে কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে কোনোরকম আলোচনা করেনি পিসিবি কিংবা প্রধান নির্বাচক মোহসিন খান। তারই পরিপ্রেক্ষিতে সাবেক অধিনায়ক আকরাম বলেন " কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনা না করে দল ঘোষণা করাটা উপহাসের সামিল। কারণ যে কোনো সিরিজ কিংবা টুর্নামেন্টে দল চালান মূলত তারাই। মাঠে খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা আদায়ের কাজটা করেন কোচ এবং অধিনায়কই। জবাবদিহিও তাদেরকেই করতে হয়। এখানে নির্বাচকদের কোনো ভূমিকা নেই। কাজেই দল গঠনে কোচ এবং অধিনায়কের পরামর্শ নিতেই হবে।" সাবেক ফাস্ট বোলার বলেন " আমি যদি নির্বাচক হতাম, তাহলে অবশ্যই কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনা করতাম। কারণ সেটাই নিয়ম। বিশ্বকাপ যখন আর মাত্র চারমাস দূরে তখন নেতৃত্ব এবং দল গড়া নিয়ে এমন অনভিপ্রেত কর্মকান্ড মোটেই ভাল ফল বয়ে আনবে না।" উল্লেখ্য দল গড়া নিয়ে ওয়ানডে অধিনায়ক আফ্রিদি এবং কোচ ওয়াকার দু'জনেই নিজেদের অসন্তোষের কথা মিডিয়ায় জানিয়ে দিয়েছেন। এ জন্য আফ্রিদিকে সাবধানও করেছে পিসিবি। তবে পিসিবির পছন্দ টেস্ট অধিনায়ক মিসবাহ দল গড়া নিয়ে কোনো মন্তব্য করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৭৩১ ঘ.