ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় ওয়ানডে দলে দু'টো জায়গা এখনো খালি রয়েছে বলে মনে করছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দলে এখনো একজন প্রকৃত ফাস্ট বোলার এবং একজন জেনুইন অলরাউন্ডারের অভাব অনুভব করছেন ভারতীয় অধিনায়ক।
কোচিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে রোববার বাতিল হয়ে যায়। সেখানেই সাংবাদিকদের বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন ধোনি। বলেন, "অবশ্যই দলে কিছু ঘাটতি আছে। আমাদের একজন সত্যিকারের ফাস্ট বোলার দরকার। আর চাই একজন কার্যকর অলরাউন্ডার। তবে বিশ্বকাপের এখনো তো চারমাস বাকি আছে। তার মধ্যে তরুণ কোনো ক্রিকেটার এ দু'টো জায়গা দখল করতেই পারে।"
একজন কপিলদেবের জন্য ভারতের আক্ষেপ দীর্ঘদিনের। কিন্তু কাউকেই পাচ্ছে না তারা। ব্যাটসম্যান-কাম-স্পিনারের কাজ চালাতে পারে এমন খেলোয়াড় পেলেও, পেসার কিন্তু ব্যাটের হাতও ভালো, এমন কাউকেই খুঁজে পাচ্ছে না ভারত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত প্রায় 'এ' দল নিয়ে খেলছে। শচীন, শেবাগ, জহির, হরভজন, গম্ভীর এবং ইশান্ত নেই চোট এবং বিশ্রামের কারণে। তবে তা নিয়ে উদ্বিগ্ন নন ধোনি। বলেছেন, "সবারই চোট ছোটখাট। কিছুদিনের বিশ্রাম এবং পরিচর্যাতেই এসব সেরে যাবে। বিশ্বকাপের আগে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই এই সতর্কতা।"
দলের ফাস্ট বোলারদের কাছ থেকে আরো ধারাবাহিক পারফরম্যান্স চান ধোনি। তার মতে জহির খান এবং আশিষ নেহরার ওপর চাপ কমাতে ইশান্ত, শ্রীশান্থ, মুনাফ প্যাটেলদের আরো ধারাবাহিক হতে হবে।
বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে যথেষ্ট আশাবাদী ধোনি। তবে বলেছেন নিজেদের সেরাটা খেলার কোনো বিকল্প নেই বিশ্বকাপে। আগামী বছর বিশ্বকাপ ক্রিকেট যৌথভাবে হবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৯৫০ ঘ.
bdnews24