২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্রামে বাংলাদেশ, বিষণ্ন নিউজিল্যান্ড

পূর্ণ-শক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ জয়ের পর শুক্রবার বিশ্রামে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। আর বিষণ্ন ড্যানিয়েল ভেট্টোরির দলও অনুশীলন করেনি। এমনকি, হোটেল থেকেও বের হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 02:04 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পূর্ণ-শক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ জয়ের পর শুক্রবার বিশ্রামে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। আর বিষণ্ন ড্যানিয়েল ভেট্টোরির দলও অনুশীলন করেনি। এমনকি, হোটেল থেকেও বের হয়নি। একদিনের সিরিজ জয়ের পর বাংলাদেশ দল শুক্রবার বিশ্রামে থাকার ঘোষণা দিয়েছিল আগেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, টানা তিন জয়ের পর উচ্ছ্বসিত ক্রিকেটাররা হোটেলেই শুয়ে-বসে সময় কাটান। তবে রোববার সিরিজের শেষ একদিনের ম্যাচকে সামনে রেখে শনিবার সকালে আবারো অনুশীলনে নামবেন সাকিব আল হাসানরা। তাদের লক্ষ্য নিউজিল্যান্ডকে 'হোয়াইটওয়াশ' করা। বাংলাদেশের কাছে সিরিজ হেরে খুবই হতাশ নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। হোটেল সোনারগাঁও থেকে বেরও হননি তারা। কিউই দলের সঙ্গে থাকা লিয়াজোঁ অফিসার ফাহিম মুনতাসির সুমিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এমনিতেই ওরা খুব একটা বাইরে বের হয় না। তার ওপর বৃহস্পতিবার হারের পর থেকেই ওদের মন খুব খারাপ। সারাদিন নিজেরা আড্ডা দিয়ে সময় কাটিয়েছে। এমনকি, হোটেল লবিতেও তাদের দেখা যায়নি।'' সুমিত জানান, শনিবার নিউজিল্যান্ড ক্রিকেট দলের অনুশীলন করার কথা রয়েছে। সিরিজ হারের পর এখন অন্তত জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৯৫৩ ঘ.