২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ক্রিকেটকে ঢেলে সাজান: ইমরান

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান মনে করেন, নতুন করে জেগে উঠতে হলে ঢেলে সাজাতে হবে দেশের ক্রিকেটকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 11:55 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান মনে করেন, নতুন করে জেগে উঠতে হলে ঢেলে সাজাতে হবে দেশের ক্রিকেটকে। এমনিতে পাকিস্তান ক্রিকেট মানেই বিতর্ক। একের পর এক কেলেঙ্কারির ফলে প্রায় প্রতিদিন পত্রিকার শিরোনাম হচ্ছেন ক্রিকেটাররা। নিরাপত্তার কারণে বিদেশি দল একের পর এক বাতিল করছে পাকিস্তান সফর। আছে ক্রিকেট কর্তাদের অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ডও। সব মিলিয়ে ধ্বংসের পথে পাকিস্তান ক্রিকেট। এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? এই প্রশ্নের জবাবে পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে ইমরান খান বলেন, "গত কয়েক বছর ধরেই ক্রিকেটারদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার খবর দেখছি। আসলে যখনই লর্ডস কেলেঙ্কারির অভিযোগ উঠল, তখনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত ছিল নিজেদের উদ্যোগে ব্যবস্থা নেয়া।" পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মনে করেন, কেলেঙ্কারির বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দিকে তাকিয়ে থাকা উচিত হয়নি পিসিবি'র। নিজেদেরই উচিত ছিল তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। ইমরান খান বলেন, "আইসিসি সতর্ক করে দিচ্ছে আমাদের, এটা সব পাকিস্তানির জন্য লজ্জার। ইজাজ বাটের প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাঁর ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। তাই পাকিস্তানের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে হবে, ঢেলে সাজাতে হবে সবকিছু।" ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপেরও সমালোচনা করেন ইমরান। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সাবেক এই ক্রিকেটার বলেন, "আমাদের দেশের ক্রিকেটকে রাজনীতি-মুক্ত করতে হবে। দেশের প্রেসিডেন্ট নিয়োগ দেন বোর্ডের চেয়ারম্যান, যা বিশ্বের কোনো দেশে নেই। আসলে পাকিস্তানে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। সমস্যা হলো তাদের খুঁজে বের করছে না বোর্ড।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭৪০ ঘ.