ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘটনাবহুল ইংল্যান্ড সফরে অন্তত একটি অভিযোগ থেকে মুক্তি পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দিয়েছে, ১৭ সেপ্টেম্বর ওভালে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় একদিনের খেলায় ম্যাচ পাতানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আইসিসি এক বিবৃতিতে জানায়, ''ওভালে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ গড়াপেটার কোনো আলামত পাননি তদন্তকারীরা। খেলোয়াড় কিংবা কর্মকর্তাদেরও অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ম্যাচের বিভিন্ন সময়ে রান তোলার ধরণ নিয়ে যে সন্দেহ উঠেছিল, সেটিও অমুলক বলে প্রমাণিত হয়েছে। কাজেই এখানেই সমাপ্তি টানা হলো এই ঘটনার।''
যদিও আইসিসি ওই বিবৃতির শেষ অংশে বলেছে, ভবিষ্যতে ওই ম্যাচ নিয়ে ফের কোনো প্রশ্ন ওঠে কিংবা কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়, তাহলে তদন্তের ফাইলটা নতুন করে খোলা হবে।
ওভাল ম্যাচে পাকিস্তানের রান তোলার ধরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল লন্ডনের ট্যাবলয়েড 'দ্য সান'। খেলায় পাকিস্তান জেতার পর সে দেশের ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ইজাজ বাট বলেছিলেন, তিনি শুনেছেন ওভালে ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার অর্থের বিনিময়ে ম্যাচ পাতিয়েছেন।
পরে ইজাজ ক্ষমা চেয়ে তার বক্তব্য ফিরিয়ে নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭৫৩ ঘ.
bdnews24