২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলেই সমালোচনার জবাব দিতে চান মিসবাহ

পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সমালোচনা করলেও তাদের আমলে নিচ্ছেন না পাকিস্তান টেস্ট দলের নতুন অধিনায়ক মিসবাহ উল হক। বলেন অধিনায়ক হিসেবে তিনি সফল না ব্যর্থ, তা বলার সময় এখনো আসেনি। সময়ই বলে দেবে তাকে বেছে নেয়া ঠিক হয়েছে কিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সমালোচনা করলেও তাদের আমলে নিচ্ছেন না পাকিস্তান টেস্ট দলের নতুন অধিনায়ক মিসবাহ উল হক। বলেন অধিনায়ক হিসেবে তিনি সফল না ব্যর্থ, তা বলার সময় এখনো আসেনি। সময়ই বলে দেবে তাকে বেছে নেয়া ঠিক হয়েছে কিনা। মিসবাহ সাংবাদিকদের বলেন, "আমার নেতৃত্ব নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তাদের সঙ্গে আমি একমত নই। যারা বলছেন, আমি পারব না তাদের বলতে চাই, আগে মাঠে নামি তারপর বলুন।" একই সঙ্গে মাঠে খেলেই সমালোচনার জবাব দিতে চান বলে জানান তিনি। ৩৬ বছর বয়সী মিসবাহ অবশ্য স্বীকার করেছেন, নেতৃত্বের কাজটা সহজ নয়। আর সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ তার জন্য চ্যালেঞ্জই। শুধু অধিনায়ক নন, ব্যাটসম্যান হিসেবেও দলকে পথ দেখাতে চান তিনি। পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট এবং ৫৬টি একদিনের ম্যাচ খেলেছেন মিসবাহ। চলতি বছর অস্ট্রেলিয়া সফরের পর অবশ্য মাঠের বাইরেই ছিলেন তিনি। কিন্তু দলে ফিরতে না পারলেও কখনোই হতাশ হননি তিনি। বলেন, "আমি দলে ফেরার ব্যাপারে আশাবাদী ছিলাম। তাই খেলা চালিয়ে গেছি নিয়মিত। পাশাপাশি 'ফিটনেসও' ধরে রেখেছি। এখন আমার কাজ দলকে ভালো খেলতে উজ্জীবিত করা। ফিরিয়ে আনা আত্মবিশ্বাস।" সাবেক অধিনায়ক ইউনুস খানের ফেরা এবং খেলোয়াড় নির্বাচনে তার ভূমিকা সম্পর্কে তিনি বলেন, "দলের খেলোয়াড় নির্বাচন করার দায়িত্ব আমার নয়। আমি আসলে এখন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েই ভাবছি।" মিসবাহ ধারণা করছেন, আমিরাতের উইকেট পাকিস্তানের ব্যাটসম্যান ও বোলারদের সহায়তা করবে। বিশেষ করে, স্পিনাররা সহায়তা পাবে বেশি। তবে সব কিছুর আগে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যাটসম্যানদের কাছ থেকে বড় রান চান তিনি। তবে দলের ফিল্ডিং নিয়ে বেশ চিন্তিত মিসবাহ। তবে স্বীকার করেন, এটা পাকিস্তানের জন্য নতুন কিছু নয়। সেই সমস্যা কাটিয়ে তুলতে দলের তরুণ খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/টিআর/২০৫৭ ঘ.