২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া। ১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় পালায় রান করেছে ২০২, সাত উইকেটে। ফলে এগিয়ে আছে ১৮৫ রানে। হাতে আছে তিন উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর) - ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া। ১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় পালায় রান করেছে ২০২, সাত উইকেটে। ফলে এগিয়ে আছে ১৮৫ রানে। হাতে আছে তিন উইকেট। অস্ট্রেলিয়ার প্রথম পালার ৪৭৮ রানের জবাবে শচীন টেন্ডুলকারের ষষ্ঠ দ্বি-শতকের (২১৪) সুবাদে ভারত রান করে ৪৯৫। ব্যাঙ্গালোরে মঙ্গলবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দফায় শুরুটা ভালোই করেন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও সাইমন ক্যাটিচ। কিন্তু ৫৮ রানের মাথায় আঘাত হানেন ভারতের দুই স্পিনার প্রজ্ঞান ওঝা ও হরভজন সিং। ৩১ রান করে ওঝার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন শেন ওয়াটসন। আর হরভজন সিংয়ের বলে উইকেটের পেছনে ধোনির হাতে বল জমা পড়ার আগে সাইমন ক্যাটিচ করেন ২৪। এ অবস্থায় দলের হাল ধরেন অধিনায়ক রিকি পন্টিং। দলীয় ৬৫ রানের মাথায় মাইকেল ক্লার্ক (৩) সাজঘরে ফিরে যান। এরপর মাইক হাসিকে নিয়ে ইনিংস মেরামতের কাজে নামেন পন্টিং। গড়ে তোলেন ৬১ রানের জুটি। কিন্তু প্রয়োজনের তুলনায় তা মোটেও পর্যাপ্ত ছিল না। ১২৬ রানের মাথায় ২০ রান করে ওঝার এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন হাসি। দলের সঙ্গে ৫ রান যোগ হওয়ার পর মার্কাস নর্থ (৩) ১৩১ রানের মাথায় বিদায় নিলে বিপদ রীতিমতো চেপে ধরে অস্ট্রেলিয়াকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম পেইনের সঙ্গে ৫০ রানে জুটি গড়ে তোলার পর বিদায় নেন পন্টিং নিজেই। ১৮১ রানের মাথায় জহির খানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে করেন ৭২। তিনি তার ১১৭ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠান ৭বার। হাওয়ায় ভাসিয়ে একবার। দলের সঙ্গে আর চার রান যোগ হতেই শ্রীশান্তের বলে উইকেটরক্ষক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়েন টিম পেইন (২৩)। এরপর লড়াই করেই বিকেলের শেষ সময়টা পার করে দেন মিচেল জনসন ও হরিজ। ৭ রানে অপরাজিত রয়েছেন জনসন। হরিজ অপরাজিত রয়েছেন ৮ রানে। ভারতীয় বোলারদের মধ্যে তিন উইকেট নেন প্রজ্ঞান ওঝা, ৫৭ রানে। হরভজন সিং ৬৩ রানে নেন ২ উইকেট। এর আগে ৫ উইকেটে ৪৩৫ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করেন ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও ধোনি। দলের সঙ্গে ৫১ রান যোগ করার পর পিটার জর্জের বলে বোল্ড হন টেন্ডুলকার। কিন্তু এর আগেই আদায় করে নেন টেস্ট-জীবনের ষষ্ঠ দ্বি-শতক। ২২টি চার ও দু'টি ছক্কার সাহায্যে রান করেন ২১৪। তখন দলের রান ছিল ৪৮৬। টেন্ডুলকারকে যথার্থ সঙ্গ দেন ধোনি। তবে তিনি তার ১১ রানের ইনিংসটিকে ৩০-এর বেশি নিয়ে যেতে পারেননি। দলীয় ৪৯৫ রানের মাথায় নাথান হরিজের বলে মাইকেল ক্লার্কের হাতে ধরা পড়েন ধোনি। তার ৮৭ বলের ইনিংসে চার রয়েছে তিনটি। কিন্তু এর আগেই ৪৯১ রানের মাথায় হরভজন সিং (৪), ৪৯৪ রানে জহির খান (১) বিদায় নেন। শেষ ব্যাটসম্যান হিসেবে হরিজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন শ্রীশান্ত, ওই ৪৯৫ রানের মাথায়। রানের খাতাই খুলতে পারেননি তিনি (শ্রীশান্ত)। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তিন উইকেট নেন মিচেল জনসন, ১০৫ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন জর্জ ও হরিজ। এজন্য জর্জের খরচ হয় ৪৮ রান। হরিজ দেন ১৫৩। দুই ম্যাচের সিরিজে ভারত ১-০ তে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১৩ ঘ.