২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রইল বাকি পাঁচ

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন শচীন টেন্ডুলকার। আর সোমবার তুলে নিলেন ক্যারিয়ারের ৪৯ নম্বর টেস্ট সেঞ্চুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন শচীন টেন্ডুলকার। আর সোমবার তুলে নিলেন ক্যারিয়ারের ৪৯ নম্বর টেস্ট সেঞ্চুরি। বয়স এখন ৩৭। ফলে ইদানিং মাঝেমধ্যেই শচীনের অবসর নিয়ে কথা শোনা যায়। কিন্তু শচীন জানিয়ে দিয়েছেন, "খেলে যাব ততদিন, যতদিন শরীর ও মন সায় দেয়। আর যতদিন খেলাটা উপভোগ করব।" টেস্টে আর একটি সেঞ্চুরি করলেই সেঞ্চুরির অর্ধ-শতক হয়ে যাবে। ওয়ানডেতেও তার সেঞ্চুরি সর্বাধিক ৪৬টি। দুই ধরনের ক্রিকেট মিলিয়ে শচীনের সেঞ্চুরি এখন ৯৫টি। আর মাত্র পাঁচটি সেঞ্চুরি পেলেই ছুঁয়ে ফেলবেন আরেকটি রেকর্ড। যেখানে এর আগে কারোর পা পড়েনি। ডন ব্র্যাডম্যানের টেস্ট গড় ৯৯.৯৬ ছোঁয়ার সাহস কারো কখনো হবে বলে মনে হয় না। তেমনি শচীনের রান ও সেঞ্চুরির রেকর্ড কখনো ভাঙবে কিনা সেটাও এখন একটা অলিখিত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। টেস্ট এবং ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক কয়েকদিন আগে নির্বাচিত হয়েছেন আইসিসি ২০১০ এর বর্ষসেরা খেলোয়াড়। তার রেকর্ডের খাতায় বাকি এখন বিশ্বকাপ জেতা। সেটি জেতার জন্যই তিনি ঝাপিয়ে পড়তে চান উপমহাদেশের ২০১১ ক্রিকেট বিশ্বকাপে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০৩৭ ঘ.