ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অধিনায়ক ইউনুস খানের সঙ্গে বিরোধ মেটানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক চিঠিতে তাকে বলা হয়েছে, সাতদিনের মধ্যে বোর্ডের সঙ্গে যোগাযোগ করার জন্য।
এ সময়ের মধ্যে ইউনুস পিসিবির সঙ্গে যোগাযোগ না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বোর্ড। একই সঙ্গে ফের তার ওপর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দেয়া হয়েছে।
চলতি বছরের শুরুতে ব্যর্থ অস্ট্রেলিয়া সফরের পর পিসিবি মোট সাত খেলোয়াড়কে শাস্তি দেয়। নিষিদ্ধ করা হয় ইউনুস, মোহাম্মদ ইউসুফ, শোয়েব মালিক এবং রানা নাভেদকে। ইউনুস বাদে বাকি তিনজনের শাস্তি প্রত্যাহার করে নেয়া হয়েছে।
ইউনুস আপিল করলে জুনে তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। কিন্তু তাকে এখনো দলে নেয়নি বোর্ড। শোনা যাচ্ছে, পিসিবি প্রধান ইজাজ বাটের সঙ্গেই মূলত বিরোধ ইউনুসের।
নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ইউনুস ইজাজের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেই সব মিটে যাবে। কিন্তু ইউনুস নাকি তাতে রাজি নন। তার সাফ কথা, বিনা অপরাধে তিনি মাফ চাইতে পারবেন না।
দিন কয়েক আগেই সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। কিন্তু একদিনের কিংবা টেস্ট, কোনো দলেই জায়গা হয়নি ইউনুসের। এতে সমালোচনা ঝড় বইছে পাকিস্তানে।
এদিকে প্রধান নির্বাচক মোহসিন খান নিজেই জানিয়েছেন, তারা ইউনুসকে শুধু যে দলেই চেয়েছিলেন তা নয়, টেস্ট দলের অধিনায়কও করতে চেয়েছিলেন। ফলে ইউনুসকে নিয়ে বেকায়দাতেই পড়েছেন পিসিবি প্রধান ইজাজ বাট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০০১ ঘ.
bdnews24