২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শচীনের পর মুরালির শতক, লাগাম ভারতের হাতে

ব্যাঙ্গালোর টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছে ভারত। শচীন টেন্ডুলকারের পর মুরালি বিজয়ের শতকের সুবাদে তৃতীয়দিন শেষে রান তুলেছে ৪৩৫। এখনো পিছিয়ে আছে ৪৩ রানে। হাতে আছে পাঁচ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 07:24 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাঙ্গালোর টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছে ভারত। শচীন টেন্ডুলকারের পর মুরালি বিজয়ের শতকের সুবাদে তৃতীয়দিন শেষে রান তুলেছে ৪৩৫। এখনো পিছিয়ে আছে ৪৩ রানে। হাতে আছে পাঁচ উইকেট। প্রথম পালায় মার্কাস নর্থের শতক এবং শেন ওয়াটসন, রিকি পন্টিং ও টিম পেইনের অর্ধ-শতকের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম পালায় রান করে ৪৭৮। উইকেটে রয়েছেন টেন্ডুলকার ১৯১ রানে। সীমানার ওপারে বল পাঠিয়েছেন তিনি ২০বার, হাওয়ায় ভাসিয়ে ২ বার। তিনি তার ৪৯তম শতকে পৌঁছান ১৫৭ বলে, ১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে। অপর প্রান্তে অপরাজিত রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১১ রান নিয়ে। আগের দিনের দুই উইকেটে ১২৮ রান নিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করে ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও মুরালি বিজয়। কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা মোটেও সুবিধা করতে পারেননি, বরং কেটেছে পরিশ্রান্ত একটি দিন। তবে শেষ বিকেলে তিনটি উইকেট তুলে নিয়ে কিছুটা সাফল্যের মুখ দেখেন তারা। টেন্ডুলকার ও মুরালি দিনের খেলা শুরু করার পর দলের সঙ্গে যোগ করেছেন ২১৮। দলীয় ৩৪৬ রানের মাথায় মিচেল জনসনের বলে উইকেটের পেছনে টিম পেইনের হাতে ধরা পড়ার আগে মুরালি রান করেন ১৩৯। ৩১০ বল খেলে ১৪টি চার ও দু'টি ছক্কা মেরেছেন তিনি। টেস্ট-জীবনের প্রথম শতকে পৌঁছান ২৩৪ বলে, ৯টি চার ও দু'টি ছক্কার সাহায্যে। চেতেশ্বর পুজারা (৪) খুব একটা সুবিধা করতে না পারলেও ত্রিশ-এর ঘরে পৌঁছান সুরেশ রায়না। দলের ৪১১ রানের মাথায় ৪৩ বলে ৩২ রান করে মাইকেল ক্লার্কের বলে বেন হিলফেনহসের হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন মিচেল জনসন, ৮৯ রানে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতে ভারত ১-০ তে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/এনআই/১৮৩৬ ঘ.