ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিক উইকেট শিকার বা রান সংগ্রহকে নয়, বরং ক্রিকেটে বেশিদিন টিকে থাকাকে সেরা কৃতিত্ব বলে মনে করেন অস্ট্রেলিয়ার চোটে আক্রান্ত পেসার ব্রেট লি।
অস্ট্রেলিয়ার হয়ে ৭৬টি টেস্ট এবং ১৮৬টি একদিনের ম্যাচ খেলেছেন লি।
৩৩ বয়সী লি গত ১৮ মাস যাবত চোটে ভুগছেন। তিনি দেশের হয়ে সর্বশেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভারতে, ২০০৯ সালের অক্টোবরে।
লি দীর্ঘ দেড় বছর মাঠের বাইরে কাটিয়েছেন নানা কারণে; পিঠের ব্যথা, কুইয়ে অস্ত্রোপচার, বৃদ্ধাঙ্গুলি ভেঙ্গে যাওয়া ও ফোরআর্মের চোটের জন্য। এজন্য চলতি মৌসুমে শুধু একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টিতে খেলতে চান তিনি।
লি বলেন, "আমার মনে হয় সবাই বুঝতে পারছে পেসার হওয়াটা সহজ কাজ নয়। এটা খুবই কঠিন কাজ। এটা এমন ধরনের কাজ যে শরীরের ওপর চাপ সৃষ্টি করে।"
তিনি আরো বলেন, "দীর্ঘ দিন খেলে যাওয়াটা নিঃসন্দেহে কঠিন। ২০ বছর পেছনে ফিরে তাকালে দেখা যাবে আমাদের দেশের পেস বোলার ডেনিশ লিলির মতো কেউ বেশি দিন ক্রিকেটে টিকে থাকতে পারেনি।"
"টিকে থাকাই আমার সেরা কৃতিত্ব। উইকেট শিকার বা গড় হিসাব বা অর্ধ-শতক এবং পাঁচ উইকেট শিকার নিয়ে আমি মোটেই চিন্তিত নই," বলেন ব্রেট লি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৯৪৫ ঘ.
bdnews24