ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহালিতে ভারতের কাছে প্রথম টেস্টে জয়ের কাছাকাছি পৌছেও ১ উইকেটে হেরে যাওয়ায় স্বভাবতই হতাশ অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। তবে ব্যাঙ্গালোরে দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতকে মরণ-কামড় দেয়ার জন্য সতীর্থদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
ব্যাঙ্গালোর টেস্ট শুরু হবে ৯ অক্টোবর।
এমন হারে দুঃখ পেলেও দলের লড়াকু 'পারফরমেন্সে' খুশি পন্টিং। বলেছেন, এমন হারে দলের মনোবলে চিড় ধরার কোনো কারণ নেই। বরং দ্বিতীয় টেস্টে আরো ভালো করার জন্য গোটা দল অধীর আগ্রহে অপেক্ষা করছে।
পন্টিংয়ের মতে, মোহালিতে হারার পরও তার তরুণ দলের জন্য অনেক ইতিবাচক দিক রয়েছে। সেগুলোকেই কাজে লাগাতে চান ব্যাঙ্গালোরে। অস্ট্রেলিয়া অধিনায়কের সোজা কথা, শেষ টেস্টে তারা জয়ের জন্যই মাঠে নামবেন।
দলে কোনো পরিবর্তন আনার কথা আপাতত ভাবছে না সফরকারীরা। তবে ব্যাঙ্গালোরের 'কন্ডিশন' এবং উইকেট দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া বর্তমানে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার পর চতুর্থ স্থানে রয়েছে। যদি ভারতের বিপক্ষে তারা ২-০ ব্যবধানে সিরিজ হারে, তাহলে পঞ্চম স্থানে নেমে যাবে। চতুর্থ স্থানে উঠে আসবে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯২৭ ঘ.
bdnews24