ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে নাটকীয়ভাবে এক উইকেটে জিতলেও বড় ধরনের মাশুল গুনতে হচ্ছে ভারতকে। চোটের কারণে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না মোহালির জয়ের নায়ক ভিভিএস লক্ষ্মণ এবং ফাস্ট বোলার ইশান্ত শর্মার। এছাড়া ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীরও।
পিঠের ব্যথায় কাতর লক্ষ্মণ মোহালি টেস্টের শেষদিন রানার নিয়ে ব্যাট করে অপরাজিত ৭৩ রান করেন। সেই সঙ্গে জেতান ভারতকে। কিন্তু এটা নিশ্চিত যে ব্যাঙ্গালোরে তার খেলা হচ্ছে না।
ব্যাথানাশক ইনজেকশন নিয়ে শেষদিন ব্যাট করতে নেমেছিলেন ইশান্ত। জোর করে খেলতে নামায় তার চোটের অবস্থা আরো খারাপ হয়েছে। ফলে তারও খেলা হবে না দ্বিতীয় টেস্টে।
আর গম্ভিরেরও খেলার সম্ভাবনা নেই।
এ কথা জানিয়ে দেয়া হয়েছে নির্বাচকদের। গম্ভিরের জায়গায় খেলানো হবে মুরালি বিজয়কে। ইশান্তের পরিবর্তে খেলবেন আরেক পেসার শান্তাকুমারন শ্রীশান্ত।
আর লক্ষ্মণের জায়গায় ব্যাঙ্গালোরে টেস্ট অভিষেক হতে পারে তরুণ ব্যাটসম্যান চেতেশ্ব পুজারার। ইরানি ট্রফিতে দ্বি-শতক হাঁকালেও যুবরাজ সিংকে দলে নেয়ার কথা ভাবা হচ্ছে না।
ব্যাঙ্গালোর টেস্ট শুরু হবে ৯ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/টিআর/এসএনএল/২০১৩ ঘ.
bdnews24