২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্টে ভারতের নাটকীয় জয়

পিঠের ব্যাথায় কাতর ভিভিএস লক্ষ্মণ যে অস্ট্রেলিয়ার বিপক্ষে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা ফের প্রমাণ হয়ে গেল। তার ব্যাটের ওপর ভর করেই মঙ্গলবার মোহালিতে প্রথম টেস্টের পঞ্চম ও শেষদিন অস্ট্রেলিয়াকে নাটকীয়ভাবে ১ উইকেটে হারায় ভারত। সেই সঙ্গে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 08:42 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিঠের ব্যাথায় কাতর ভিভিএস লক্ষ্মণ যে অস্ট্রেলিয়ার বিপক্ষে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা ফের প্রমাণ হয়ে গেল। তার ব্যাটের ওপর ভর করেই মঙ্গলবার মোহালিতে প্রথম টেস্টের পঞ্চম ও শেষদিন অস্ট্রেলিয়াকে নাটকীয়ভাবে ১ উইকেটে হারায় ভারত। সেই সঙ্গে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ১২৪ রানে ৮ উইকেট হারানোর পর হারের শঙ্কা চেপে ধরেছিল ভারতকে। কিন্তু সেই শঙ্কাকে সরিয়ে রেখে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন লক্ষ্মণ, অপরাজিত ৭৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলে। তাকে যথার্থ সঙ্গ দেন বোলার ইশান্ত শর্মা। তিনি করেন ৩১ রান। নবম উইকেটে লক্ষ্মণ ও শর্মার ৮১ রানের জুটিই ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। শর্মা যখন বেন হিলফেনহসের বলে আউট হন, তখন জয় থেকে ভারত আর মাত্র ১১ রান দূরে। তারপরও লড়ছিল অস্ট্রেলিয়া। কিন্তু মিচেল জনসনের বলে শেষ ব্যাটসম্যান প্রজ্ঞান ওঝা লেগ বাই থেকে দুই রান নিতেই ভারত ঐতিহাসিক এক জয় পায়। ৫৮ ওভার ৪ বলে করে ৯ উইকেটে পৌঁছে যায় জয়ের কাক্সিক্ষত লক্ষ্য ২১৬ রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে মাত্র দু'বার চতুর্থ ইনিংসে দু'শোর বেশি রান তাড়া করে জিতেছে ভারত। ১৯৬৪ সালে মুম্বাইয়ের লেডি ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রথমবার এবং দ্বিতীয়বার জিতেছিল ২০০৩ সালে অ্যাডিলেডে। সকালে আগেরদিনের ৪ উইকেটে ৫৫ রান নিয়ে খেলতে নামে ভারত। নাইটওয়াচম্যান জহির খান অফ-স্পিনার নাথান হরিজের বলে স্লিপে মাইকেল ক্লার্কের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন। দলের রান তখন ৫ উইকেটে ৭৬। ভারত সবচেয়ে বড় ধাক্কা খায় শচীন টেন্ডুলকার আউট হলে। ৩৮ রান করার পর ডাগ বোলিঞ্জারের বলে পয়েন্টে মাইক হাসির হাতে ক্যাচ দেন তিনি। এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হলে ভারতের বিপদ আরো বেড়ে যায়। বিদায় নেন হরভজনও। এরপরই লক্ষ্মণ ও শর্মার ৮১ রানের জুটি। লক্ষ্মণ ব্যাট করেন রানার হিসেবে রায়নাকে সঙ্গে নিয়ে। এ জুটি যখন ভাঙ্গে, তখন জয় ভারতকে হাতছানি দিচ্ছিল। জয়ের নায়ক লক্ষ্মণ হলেও খেলায় দারুণ বল করে আট উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জহির খান। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ অক্টোবর, ব্যাঙ্গালোরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/টিআর/১৮৪৫ ঘ.