আপন তারিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতাশ তম জন্মদিনে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিলেন মাশরাফি বিন মতুর্জা। জন্মদিনের বড় একটা উপহারও মিলেছে। বাংলাদেশ কিউইদের বিপক্ষে জিতেছে ৯ রানে। কিন্তু তারপরও উচ্ছসিত হতে পারছেন না তিনি। হবেন কি করে? চোটের কারণে তিনি যে আবার মাঠের বাইরে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভার করতে গিয়েই পায়ের গোড়ালিতে চোট পান মাশরাফি। দলের ফিজিও মাইকেল হেনরির কাধে ভর দিয়ে মাঠ ছাড়েন।
এরপর প্রাথমিক চিকিৎসা শেষে জানা যায় আঘাতটা মামুলি নয়। শুধু প্রথম ওয়ানডে নয়, মোটামোটি নিশ্চিত, পুরো সিরিজটাই খেলতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক।
ক্র্যাচে ভর দিয়ে সংবাদ মাধ্যমের মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ''এর আগেও তিনবার ডান পায়ে এমন চোট পেয়েছি। এক মাসের আগে মাঠে নামতে পারিনি। তবে এবার কতো দিন মাঠের বাইরে থাকতে হবে জানি না। ফিজিও বলেছেন ৪৮ ঘন্টা পর বিস্তারিত জানা যাবে।''
দলের ফিজিও হেনরি জানান, ''পায়ের গোড়ালিতে এখন বরফ দেয়া হচ্ছে মাশরাফির। দুদিন পর্যবেক্ষন শেষে বলা যাবে ওকে কতোদিন মাঠের বাইরে থাকতে হবে।''
তবে বাংলাদেশের জয়ের পর ব্যাক্তিগত এই দুঃখ ভুলে গেছেন মাশরাফি। তিনি বলেন ''জন্মদিনে দারুন এক উপহার পেলাম। এটা ঠিক মাঠের বাইরে থাকায় কিছুটা খারাপ লাগছে। ম্যাচ জেতার পর সব ভুলে গেছি।''
এ অবস্থায় কিউইদের বিপক্ষে ফেরার ব্যাপারটা মাশরাফি নিজেও একপাশে সরিয়ে রাখছেন। কেননা, সামনেই বিশ্বকাপ। মাশরাফি বলেন ''ফিজিও সঙ্গে কথা বলেই সবকিছু ঠিক করবো। আপাতত ৪৮ ঘন্টা পার হওয়ার অপেক্ষায় আছি।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইচ/১৯৪০ ঘ.
bdnews24