২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় এলো সেই মাঠে

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম একদিনের খেলায় বাংলাদেশ ৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। দুবছর আগে এই মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 03:13 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম একদিনের খেলায় বাংলাদেশ ৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। দুবছর আগে এই মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ৫০ ওভারে জয়ের জন্য বাংলাদেশের বেঁধে দেয়া ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নামে নিউজিল্যান্ড। তবে বৃষ্টি ও আলোর অভাবে পুরো ৫০ ওভার খেলার সুযোগ পায়নি তারা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য পুনঃনির্ধারণ করা হয় ৩৭ ওভারে ২১০। আট উইকেটে ২০০ রান তুলতেই থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। নিউজিল্যান্ড ১৫ ওভারে ৮৫ রান তোলার পর বৃষ্টি নামে। খেলা বন্ধ থাকে ৫৫ মিনিট। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সহ-অধিনায়ক সাকিব আল হাসানের অর্ধ-শতকের সুবাদে বাংলাদেশ ৪৯ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে করে ২২৮। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনাই করেছিলেন নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও জেসি রাইডার। মাত্র ৬ ওভার ৫ বলে ৫৩ রান তোলেন তারা। সাকিব আল হাসানের বলে রাইডার (২০ বলে ২১ রান) রকিবুল হাসানের হাতে ধরা পড়ে বিদায় নিলেও ব্রেন্ডন ম্যাককালামের ঝড় চলতেই থাকে। ৮৫ রানের মাথায় সাকিবের বলে বোল্ড হওয়ার আগে ব্রেন্ডন করেন ৪৫ বলে ৬১। তিনি তার ইনিংসটি সাজান ৭টি চার ও দু'টি ছক্কা দিয়ে। ব্রেন্ডনের বিদায় নেয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ওই ৮৫ রানের মাথায় গ্রান্ট এলিয়ট (০), ১৩৫ রানে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি (২৪), ১৪৮ রানে শানান স্টুয়ার্ট (২), ১৬১ রানে রস টেলর (৪৪) ও ১৯২ রানের মাথায় নাথান ম্যাককালাম (১৬) সাজঘরে ফিরে যান। কাইল মিলস ২২ ও টিম সুথি ১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান চার উইকেট নেন, ৪১ রানে। নাঈম ইসলাম ৩০ রানে নেন দুই উইকেট। সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার দায়িত্ব নেন যেন শাহরিয়ার নাফীস। প্রায় আড়াই বছর পর খেলতে নেমে বড় ইনিংস খেলারই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। প্রথম ওভারেই পরপর তিনটি চার মেরে শুরু করেন তার ইনিংস। এগিয়ে যাচ্ছিলেন অর্ধ-শতকের পথে। ব্যক্তিগত ৩৫ রানে তাকে থামিয়ে দেন ভেট্টোরি। তখন দলের রান ছিল ৬১। নাফীসের আগেই অবশ্য সাজঘরের পথ ধরেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। ৩২ বলে ১৬ রান করে মিলসের বলে উইকেটের পেছনে ব্রেন্ডনের হাতে ধরা পড়েন তিনি। দলীয় ১০০ রানের মাথায় রকিবুল হাসান ফিরে যান সাজঘরে। ভেট্টোরির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে করেন ২১। জুনায়েদ সিদ্দিকিও খুব একটা সুবিধা করতে পারেননি। ৩০ রান করার পর নাথান ম্যাককালাম তার স্টাম্প উড়িয়ে দেন। তখন দলের রান ছিল ১৩২। অবশ্য এর আগেই শেষ হয়ে যেতে পারতো তার ইনিংস। ব্যক্তিগত ২০ রানের মাথায় ভেট্টোরির বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেটরক্ষক ব্রেন্ডনের হাত পৌঁছে। সঙ্গে সঙ্গে বেল উড়িয়ে দেন তিনি। আবেদন জানান স্ট্যাম্পিংয়ের। সিদ্ধান্ত নিতে টেলিভিশন আম্পায়ারের সাহায্য নেন মাঠের আম্পায়ার। রিপ্লেতে পরিস্কার আউট দেখা গেলেও তা এড়িয়ে যান শরিফুদ্দৌলা ইবনে সৈকত। জুনায়েদের বিদায়ে পর হাল ধরেন সাকিব ও মুশফিকুর রহিম। দলের সঙ্গে ৩৮ রান যোগ করার পর ১৭০ রানের মাথায় জেসি রাইডারের বলে টিম সুথির হাতে ধরা পড়েন মুশফিক (২২)। এরপর এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। অন্যপ্রান্তে সাকিব খেলে যান আক্রমণাত্মক ভঙ্গিতে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে মিলসের বলে বোল্ড হওয়ার আগে ৫১ বলে ৫৮ রান করেন। তিনি তার ইনিংসটি সাজান আটটি চার দিয়ে। আর একদিনের ক্রিকেট জীবনের ১৫তম অর্ধ-শতকে পৌঁছান ৪৭ বলে, ছয়টি চারের সাহায্যে। ইনিংসের শেষদিকে অধিনায়ক মাশরাফি ১১ বলে করেন ১৫। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে তিন উইকেট নেন মিলস, ৪৪ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন রাইডার, ভেট্টোরি ও অ্যান্ডি ম্যাকে। এজন্য রাইডারের খরচ হয় ১৬ রান, ভেট্টোরি দেন ২৯ ও ম্যাকে ৫১। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এই খেলায় জেতায় পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে গেল। এটি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ২০০৮ সালের ৯ অক্টোবর এই মাঠেই নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় খেলা হবে ৮ অক্টোবর, শুক্রবার। জাতীয় সংসদের স্পিকার মোঃ আব্দুল হামিদ সংসদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/টিআর/এসএনএল/পিডি/২০৫৯ ঘ.